২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক জিয়া দেশে এলেই গ্রেপ্তার: টুকু

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে মহিলা পুলিশিং কমিটির এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তিনি পলাতক আসামি। যখন দেশে ফিরবেন তখনই তাকে গ্রেপ্তার করা হবে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিরোধী দলীয় নেতার বড় ছেলে তারেক রহমান। দুর্নীতি দমন কমিশনের করা সম্প্রতি অর্থ পাচার মামলায় আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামায়াত তাদের কর্মকাণ্ডে সন্ত্রাসী দল হিসাবে প্রকাশ করেছে। দলটির নিবন্ধন বাতিল হওয়ায় বাংলার মানুষ স্বস্তি পেয়েছে।

এর আগে সাঁথিয়া উপজেলা মহিলা পুলিশিং কমিটির আহবায়ক আফরোজা খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সাথিয়া উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন প্রমুখ।