২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল নিষিদ্ধের পরিকল্পনা নেই: আশরাফ

আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর দলটি নিষিদ্ধের জোরালো দাবি উঠলেও সে রকম কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

গঠনতন্ত্র সংশোধন করে জামায়াত পুনরায় ইসির নিবন্ধন পেতে পারে বলেও মনে করেন তিনি।

জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ করে করা একটি রিট আবেদনের রায়ে গত বৃহস্পতিবার আদালত দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করে।

এ বিষয়ে আশরাফ শনিবার সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক দল নিবন্ধনের অনেক শর্ত থাকে। জামায়াত যদি নির্বাচন কমিশনের কাছে সেসব শর্ত পূরণের অঙ্গীকার করে তাহলে তারা নিবন্ধন ফেরত পাবে।”

নিবন্ধনহীন রাজনৈতিক দল নির্বাচন করতে না পারলেও কার্যক্রম চালাতে পারে।

আশরাফ বলেন, “জামায়াতকে নিষিদ্ধ করা হয়নি। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন শর্ত সাপেক্ষে নিবন্ধন দেয়। আওয়ামী লীগ ও বিএনপিকেও শর্ত দিয়ে দেয়া হয়েছিল।”

শর্ত পূরণ করে জামায়াত নিবন্ধন ফেরত পাওয়ার প্রক্রিয়া চালাবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

হাই কোর্টের ওই রায়ের পর ‘যুদ্ধাপরাধী‘ দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবি তোলে বামপন্থী দলগুলোসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমও বলেন,  জামায়াত নিষিদ্ধের সময় এখন এসেছে। 

Image
সৈয়দ আশরাফুল ইসলাম

সৈয়দ আশরাফুল ইসলাম

এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের শীর্ষনেতাদের বিরুদ্ধে কয়েকটি রায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটিকে ‘ক্রিমিনাল সংগঠন’ বলা হয়েছে।  

এ থেকে দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়েরের দাবিও উঠেছে।

জামায়াতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে সরকারের এখনো কোনো পরিকল্পনা নেই।

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অবজারভেশন দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের বিধান আছে।”

শনিবার রাজধানীর মিরপুরে ওয়াসার বোতলজাত পানি উৎপাদন ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন আশরাফ। সেখানে জামায়াতের পাশাপাশি প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়েও প্রশ্ন করা হয় তাকে।

আশরাফ বলেন, “যারা নবীন, মেধাবী ও শিক্ষিত, তারা রাজনীতিতে এলে সকলেরই উচিত স্বাগত জানানো। সে যেই আসুক না কেন। এ নিয়ে কথা বলার কিছু নেই। যারা অহেতুক কথা বলার প্রয়োজন মনে করছেন, তারা বলছেন।”

পুরনো খবর:

নিবন্ধন অবৈধ, নির্বাচনে ‘অযোগ্য’ জামায়াত