২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাক্ষী-প্রমাণ নেই, তবুও সাকার বিরুদ্ধে মামলা’

‘সত্য ও ন্যায়সঙ্গত’ কথা বলার কারণে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 09:52 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

তিনি বলেছেন, “সাক্ষী নেই, প্রমাণ নেই। তবুও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকার ষড়যন্ত্রমূলকভাবে তার বিচার করতে চায়।”

শনিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গতবছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়।

হরতালে ভাংচুর-অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরকে। পরে ১৯ ডিসেম্বর তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরই মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “শিগগির সালাউদ্দিন কাদের চৌধুরীকে মুক্ত করে নিয়ে আসব। তিনি আপনাদের পাশে থাকবেন।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সভায় রিজভী আওয়ামী লীগের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ‘খায়েস’ সফল হবে না মন্তব্য করে বলেন, “সজিব ওয়াজেদ জয় বাংলাদেশে এসে নতুন নতুন তথ্য দিচ্ছেন। তিনি  বলেছেন, আওয়ামী লীগ নাকি আবার নির্বাচনে জয়ী হবে। তার কাছে তথ্য আছে।”

“তার এই তথ্যের উৎস কি? ছাত্রলীগ-যুবলীগ না কি গোয়েন্দা সংস্থা? গোয়েন্দা সংস্থা সবসময় সরকার যেমন চায় তেমন রিপোর্টই দেয়।”

আওয়ামী লীগ র‌্যাব-পুলিশ দিয়ে জোর করে নির্বাচন করতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার কাছে আগামীতে আর তত্ত্বাবধায়ক সরকার চাইব না। এদেশের মানুষই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবে।

প্রধানমন্ত্রীকে ‘মানসিক ভারসাম্যহীন’ উল্লেখ করে সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, শেখ হাসিনা একের পর এক যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে মনে হয় তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তার উচিত মানসিক চিকিৎসকের কাছে যাওয়া।

“কোনো প্রধানমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে তার কাছে কিছু আশা করা যায় না। মানুষই আন্দোলন করে শেষ রক্ত বিন্দু দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবে।”

সভায় অন্যদের মধ্যে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আবু সুফিয়ান ও এস এম ফজলুল হক বক্তব্য রাখেন।