মন্তব্য নেই সিইসির
নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে বিরোধীদলীয় নেতার মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
সোমবার এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইসিকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যায়িত করেন।
এর প্রতিক্রিয়া জানতে চাইলে সিইসি মৃদু হেসে কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আপনারা মন্তব্য করেন।”
কাজী রকিব নেতৃত্বাধীন ইসির অধীনেই পরবর্তী অর্থাৎ দশম সংসদ নির্বাচন হবে।
সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করলেও ইসির কাজে পুরোপুরি অসন্তোষ ছিল না বিএনপির।
সদ্য সমাপ্ত চার সিটি কর্পোরেশন নির্বাচনের ফল দ্রুত দেয়ার আহ্বান জানিয়ে গত ১৫ জুন রাতে নির্বাচন কমিশনার আবু হাফিজ এবং ৬ জুলাই নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন খালেদা জিয়া।
তবে গমের শীষ প্রতীক চেয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে একটি দলের আবেদনকে কেন্দ্র করে ইসির সমালোচনা করে আসছে ধানের শীষ প্রতীকের বিএনপি।
জাতীয় নির্বাচনের আচরণবিধি
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সমন্বয় রেখে আচরণবিধি সংশোধনের প্রয়োজন রয়েছে কি না, তা ‘সময়’ দেখে সিদ্ধান্ত নেবে কমিশন।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ঈদের পর: সিইসি
“আদৌ চেঞ্জ করার প্রয়োজন রয়েছে কি না, মেজর কোনো চেঞ্জ করার দরকার হলেও পর্যাপ্ত সময় রয়েছে কি না, তা দেখতে হবে। এখনো আমরা এ নিয়ে বসিনি।”
সংশোধিত বিধিমালার একটি খসড়া ইতোমধ্যে ইসি সচিবালয় নির্বাচন কমিশনে জমা দিয়েছে। তাতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রচারের সুযোগ রেখে বিধিমালা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার এক অনুষ্ঠানে ইসির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন।
সিইসি জানান, স্থানীয় সরকারের চার স্তরের জন্য (ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন) বিদ্যমান আলাদা আলাদা আচরণবিধিকে ‘সমরূপ’ করার চিন্তাভাবনা রয়েছে।
