২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার হটাতে জাতীয় ঐক্য চান ফখরুল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে হটাতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় ফখরুল বলেন, “বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে আছে। তারা দেশের গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ বিপন্ন হয়ে পড়েছে।”

“এ থেকে মুক্তির জন্য এখন প্রয়োজন আমাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় সরকারের যে আন্দোলন চলছে  তাকে সফল করতে হলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।”

সংসদে ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাব’র এলডি ভবন প্রাঙ্গণে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতারের আগে এই আলোচনা হয়। সারা দেশ থেকে প্রায় দেড় হাজার চিকিৎসক এই ইফতারে অংশ নেন।

চিকিৎসকদের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “এই সরকারের অধীনে সব নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই যত কলাকৌশল করা হউক না কেনো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া এদেশে নির্বাচন হবে না।”

সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ,  অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপি সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন,  অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, মোস্তাক করীম স্বপন ও আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

ইফতারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ ও তার স্ত্রী শামীমা বুলু,  যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার,  সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান জিন্নাতুন নেসা তাহমিনা খাতুন,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান,  সাংবাদিক মাহফুজ উল্লাহ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়াসহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসক অংশ নেন।