নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা নয়: হাসিনা
সংবিধানের বর্তমান অবস্থা অনুসরণ করে দশম সংসদ নির্বাচনের পক্ষে নিজের অবস্থান আবার জানিয়েছেন শেখ হাসিনা।
এর মধ্যদিয়ে কার্যত নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বলেছেন, “আগামীতে যেন আর নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না হয়। সুষ্ঠু ধারায় যেন নির্বাচন হয়।”
বর্তমান সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে নির্দলীয় সরকার পদ্ধতি বাতিল হওয়ায় এখন আওয়ামী লীগের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “সংবিধানের ধারাবাহিকতায় আমাদের দেশে ভোট হবে। জনগণ যাকে ভোট দেবে, সে দেশ চালাবে।”
বিগত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা স্মরণ করিয়ে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ ওই দুই বছর নরকে বাস করেছে, কেউ তা ভুলে যায়নি।”
সংসদ অধিবেশনের পর গণভবনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের এই বৈঠকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, “এই সময়ে এসে এটা বলা উদ্দেশ্যমূলক।”
টিআইয়ের প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে দুর্নীতির শীর্ষ ক্ষেত্র বলা হয়েছে। এরপর বিএনপি বলছে, সরকারি দল আওয়ামী লীগের কারণেই এটা হয়েছে।
শেখ হাসিনা বলেন, “দেশের উন্নয়নসহ যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হয়। রাজনৈতিক দলকে হেয় করে কারা ক্ষমতায় আসে?”
“সে অভিজ্ঞতা আমাদের আছে.” প্রশ্নের পর উত্তরও দেন আওয়ামী লীগ সভানেত্রী।
“আসসালামুআলাইকুম আজ থেকে আমি ক্ষমতায়- এই কথা বলে ক্ষমতা দখল করে। ইয়াহিয়া থেকে শুরু করে জিয়া আর এরশাদ সবাই এভাবেই ক্ষমতায় এসেছে।”
প্রধানমন্ত্রী বলেন, “দোষ-গুণ সকলের আছে। আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। অন্যায় দেখলে ব্যবস্থা নিই।”
সংসদীয় দলের বৈঠকের পর সংসদ সদস্যদের সঙ্গে ইফতার করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্ালয় ও গণভবনের কর্মকর্তা ও কর্মচারীরাও এই ইফতারে অংশ নেন।
