তৃতীয় নয়, বিকল্প শক্তি হতে চাই: বি. চৌধুরী
‘বিকল্প প্রধান রাজনৈতিক শক্তির’ সূচনা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, “শেখ হাসিনা দেশের একজন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধান মন্ত্রী হয়েও অসংলগ্ন কথা বলেন। তার কথা বার্তায় মনে হয় তিনি গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করছেন।”
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আমরা গণতন্ত্র রক্ষায় একইমতের লোক লোকজনকে নিয়ে সঠিক পথের সন্ধান করছি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মহাজোটে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নই আসে না। ১৮ দলীয় জোটে ১৯ তম দল হওয়ারও ইচ্ছে নেই। বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রক্রিয়া চলছে।”
“আমরা তৃতীয় শক্তি নয় বরং বিকল্প প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টায় আছি।”
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, গাজীপুরের নির্বাচনে বিএনপি জিতে নাই আবার আওয়ামী লীগও হারে নাই। পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণের রায়ে প্রধানমন্ত্রীর খামখেয়ালিপনার পরাজয় হয়েছে।”
দেশে কোনভাবেই নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, “আমরা তৃতীয় হওয়ার জন্য মাঠে নামি নাই। আমরা প্রধান শক্তিতে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছি।”
সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সহ-সভাপতি নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, বিকল্পধারা’র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন।
