হবিগঞ্জে বিএনপির সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জের নবীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর উপজেলা সদরে ১৪৪ জারি করেছে প্রশাসন।
শনিবার দুপুরে এ সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের সিলেট মেডিকেল কলেজ হাসাপাতাল, হবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার বেলা ৩টা থেকে রোববার রাত ১০টা পর্যন্ত নবীগঞ্জ সদর ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দলীয় বিরোধের জেরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও ছাত্রদল দীর্ঘদিন ধরে দুভাগে বিভক্ত। একপক্ষে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপি সভাপতি সংসদ সদস্য শেখ সুজাত মিয়া এবং অপরপক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শেখ সুজাত সমর্থিত উপজেলা ছাত্রদল রোববার বেলা ২টায় নবীগঞ্জ নতুন বাজারে সভা আহ্বান করে।
একই দাবিতে ওই সময় ও স্থানে সভা আহ্বান করে মুজিবুর রহমান শেফু সমর্থিত উপজেলা ছাত্রদল।
এর জেরে শনিবার বেলা ১২টায় উভয়পক্ষ নবীগঞ্জ শহরের ওসমানী সড়ক এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়।
পরে নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
