২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার গাজীপুরে টাকা ছড়াচ্ছে, অভিযোগ ফখরুলের

সরকার নির্বাচনের ফলাফল ‘ছিনতাই’ এর চেষ্টায় গাজীপুরে বিভিন্নভাবে ‘অর্থ ছড়াচ্ছে’ বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

দলের মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় বলেন, ‘‘ চার সিটি নির্বাচনের ফলাফলে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। গাজীপুর সিটি নির্বাচনে তারা এখন মরিয়া হয়ে উঠেছে। সেখানে প্রশাসনের দলীয়করণ এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে।’’

শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিএনপি সমর্থিত এম এ মান্নান ও আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লাসহ মোট ৬ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফখরুল বলেন, “আমরা জানতে পেরেছি, ফলাফল নিজেদের পক্ষে আনতে সরকার বিভিন্নভাবে অর্থ ছড়াচ্ছে। বিপুল পরিমাণ টাকা দেয়া হচ্ছে।’’

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয়।

গাজীপুর সিটি নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ চার সিটিতে হেরে যাওয়ার পর তারা (সরকার) মরিয়া হয়ে উঠেছে। দলীয় কর্মকর্তাদের প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে। একটি বিশেষ জেলার পুলিশ কর্মকর্তাদের সেখানে নিয়ে আসা হয়েছে।”

ক্ষমতাসীনরা ‘প্রতিনিয়ত’ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।

কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীকে ‘অতিদ্রুত’ বিজয়ী ঘোষণা করা হয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তার আরেকটি প্রমাণ কিশোরগঞ্জের উপনির্বাচন।’’

কিশোরগঞ্জে বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে রাষ্ট্রপতির ছেলে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগেরই আরেক নেতা। ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘দর্শন’ সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য জাসাস নেতাদের প্রতি আহবান জানান ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘‘ সাত সমুদ্র তের নদীর ওপারে তারেক রহমান বসে আছেন। এতেই সরকার ভয়ে কম্পমান। তাদের ঘুম নেই। প্রতিক্ষণ চিন্তা করে- এই বুঝি তারেক রহমান দেশে চলে এসেছেন।’’

ভয় থেকেই সরকার তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচার’ চালাচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল। 

‘তারেক রহমান: আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সালাহ উদ্দিন শাহিন। অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাসের সদস্য সচিব আরিফুজ্জামান মামুন বক্তব্য দেন।