২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে অভিযোগ দুই প্রার্থীর

নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন মেয়র পদের প্রধান দুই প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান  ৩৪ জন এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান ৮১ জন প্রিসাইডিং কর্মকর্তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।

অবশ্য এ দুই প্রার্থীর অভিযোগকেই ভিত্তিহীন বলে দাবি করেছে নির্বাচন কমিশন। তাদের দাবি, প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে আগে থেকেই সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজমত উল্লা খানের নির্বাচন পরিচালনা কার্যালয়ের সমন্বয়কারী আমানত হোসেন খান বুধবার বিকালে অভিযোগ করেন, “প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৪ জনকে চিহ্নিত করা হয়েছে যারা ছাত্রদল ও ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত।”

এর মধ্যে ২৭ জন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং সাতজন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করেন তিনি।

“তারা নির্বাচনী দায়িত্বে থাকলে নির্বাচন প্রভাবিত হবে। তাই এই ৩৪ জনসহ ইসলামী ব্যাংকের যে কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে”, বলেন তিনি।

অন্যদিকে ৮১ জন প্রিসাইডিং কর্মকর্তাকে নিয়ে অভিযোগ তুলছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান।

তার এজেন্ট সিদ্দিকুর রহমান সোমবার বলেন, “আমরা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের প্রিসাইডিং কর্মকর্তা রাখলে বিশেষ দলের পক্ষে তারা কাজ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই আমরা তাদের নির্বাচনী কাজ থেকে প্রত্যাহার দাবি করছি।”

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা ঠিক করার সময় সব মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলা হয়েছে। সবাই তালিকা দেখেছেন। তখন কেউ কোনো আপত্তি করেননি। কিন্তু এখন প্রার্থীরা নানা অভিযোগ দিচ্ছেন।

“আমরা তাদের বলেছি ঢালাওভাবে না বলে সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে কি অভিযোগ তা জানান। তাহলে আমরা ব্যবস্থা নেব।”

আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম ভোট। এ নির্বাচনে ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা, দুই হাজার ২৮৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং চার হাজার ৫৭৮ জন পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। 

বিএনপি সমর্থিত এম এ মান্নান এবং আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লাহ খানসহ মোট ৬ জন এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন।

পুরনো খবর:

গাজীপুরে ভোটের দিন সাধারণ ছুটি