২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হরতালে ৫ পুলিশ আহত

ভাংচুর, অবরোধ ও বোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে কুমিল্লায় হরতাল চলছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

পুলিশ বলছে শিবিরের হামলায় তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন।

এদিকে শিবিরের দাবি পুলিশের হামলায় তাদের ১০ জন আহত হন।

সদর দক্ষিণ থানার ওসি আইনুল হক জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় মহানগরীর জাঙ্গালিয়া রোডে শিবিরকর্মীরা পুলিশের একটি ভ্যানকে ধাওয়া করে এবং ইটপাটকেল ছোঁড়ে।

দ্রুত চলে যাওয়ার সময় একটি খাদ্য বহনকারী ভ্যানের সঙ্গে পুলিশ ভ্যানটির ধাক্কা লাগে।

এতে কনস্টেবল সুরুজ ও গাড়ি চালক ইকবাল আহত হন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আরো বলেন, সকাল থেকে নগরীর টমছম ব্রিজ, নিউ হোস্টেল এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে শিবিরকর্মীরা দফায় দফায় হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

সকাল ৮টায় সদরের নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে পিকেটাররা গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে।

এছাড়া বুড়িচং উপজেলার সৈয়দপুরে সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে শিবিরকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে।

বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় শিবিরের হামলায় তিন পুলিশ আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে।

বুড়িচং থানার ওসি মনিরুল ইসলাম জানান, শিবিরের হামলায় এএসআই মোজাম্মেল, কনস্টেবল আবু হানিফ ও কনস্টেবল আবু তাহের আহত হয়েছেন।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজার ও ফাল্গুনকরায় শিবিরকর্মীরা ৫টি কভ্যার্ডভ্যানের গ্লাস ভাংচুর করেছে। এছাড়া একটি তেলের গাড়িতে অগ্নিসংযোগ করে।

কুমিল্লা মহানগর শাখা শিবির সভাপতি মনির আহমেদ দাবি করেন, হরতালের সমর্থনে তাদের মিছিলে পুলিশ বিনা উস্কানিতে হামলা করে। এতে তাদের ১০ কর্মী আহত হয়েছেন।