নির্বাচনের জন্য প্রশাসন ‘সাজানো’ হচ্ছে: রফিকুল
নির্বাচনের আগে প্রশাসনের বিভিন্ন পদে ‘অনুগতদের’ বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “প্রশাসনের যোগ্য কর্মকর্তাদের ওএসডি করে রাখা হয়েছে। ভোট চুরি করে আবার ক্ষমতায় যেতে তারা নিজ দলের সমর্থক কর্মকর্তাদের দিয়ে প্রশাসনকে সাজাচ্ছে।”
ক্ষমতাসীনদের ‘কারচুপির’ এই পরিকল্পনা ভেস্তে দিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
জনসমর্থন হারিয়ে ফেলায় আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে রাজি হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
রফিকুল হুঁশিয়ারি দিয়েছেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।
তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রফিকুল।
জিয়াউর রহমানের ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক এই ফাউন্ডেশনের সভাপতি।
Govt in critical state: Rafiq
“সরকার তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাও প্রমাণ করতে পারেনি। সরকার তারেক রহমানকে ভয় পায় বলে এখনো তার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।”
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় রফিকুল ছাড়াও বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম, শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।
