২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকি খাওয়ায় ছাত্রলীগকর্মীকে পেটালেন নেতা

বাকি খাওয়ায় এক কর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 08:38 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

সোমবার দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এই ঘটনায় আহত বেলাল হোসেন বিলকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলাল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে টুকিটাকি চত্ত্বরে সুমনের হোটেল থেকে বাকি খেয়ে আসছিলেন বেলাল।

সোমবার দুপুরেও খাওয়ার পর টাকা না দেয়ায় বেলালের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়।

এই সময় পাশে থাকা ছাত্রলীগের অ্যাপায়ন বিষয়ক সম্পাদক মুস্তাসেবুল আলম অনিন্দ্য টাকা পরিশোধ করতে বললে বেলাল ক্ষিপ্ত হয়ে ওঠেন। দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে অনিন্দ্যর হাতে ছুরিকাঘাত করেন বেলাল।

পরে অনিন্দ্যও চেয়ার দিয়ে বেলালকে মারলে তার মাথা ফেটে যায়, বলেন তুহিন।

বেলাল হোসেন বিল সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে অনিন্দ্য পরিকল্পিতভাবে তাকে আঘাত করেছেন।

তবে মুস্তাসেবুল আলম অনিন্দ্য বলেন, “বেলালের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। সে বাকি খেয়ে ছাত্রলীগের সম্মানহানি করায় আমি তাকে টাকা পরিশোধ করতে বলেছি।”

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টা পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”