২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরে অনির্বাচিত ব্যক্তি কেন, প্রধানমন্ত্রীকে সেলিম

তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা নয় বলে প্রধানমন্ত্রী বলে আসলেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের দায়িত্ব অনির্বাচিত ব্যক্তির হাতে কেন দেয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার ‘ঢাকা নিয়ে ঢাকাবাসীর বিকল্প ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার শেষ অধিবেশনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সেলিম বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক মুহূর্তের জন্য অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেয়া যাবে না।”

“খুব ভালো কথা। অনির্বাচিত লোকের হাতে ঢাকা নগরের দায়্ত্বি কি দেয়া যায়? জেলা পরিষদে কি অনির্বাচিত ব্যক্তিকে দায়িত্ব দেয়া যায়?”

ঢাকার দুই সিটি কর্পোরশনে নির্বাচন না হওয়ার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “নগরের নির্বাচন পেছাতে পেছাতে এ পর্যন্ত আনা হয়েছে। এখন বলা হচ্ছে, রমজানের কথা। রমজানের পরও নিশ্চিতভাবে আরেকটি অজুহাত দাঁড় করাবে।”

দিনব্যাপী এই কর্মশালায় পাঁচটি গ্রুপে সুশাসন, পরিবেশ, নগরসেবা, যোগাযোগ ব্যবস্থা ও আবাসন নিয়ে ধারণাপত্র উপস্থাপন করা হয়। এর বক্তারা তার ওপর আলোচনা করেন।

পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অভিনু কিবরিয়া ইসলাম খসড়া প্রস্তাবনা আকারে পাঁচ গ্রুপের সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরেন।

৩০টি পয়েন্টের এই উপস্থাপনায় সংযোজন-বিয়োজন করে পরে ‘ঢাকাবাসীর ঢাকা ঘোষণা’ দেয়া হবে বলে জানান তিনি।

কর্মশালার শেষ অধিবেশনে অন্যদের মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ বক্তব্য দেন।

দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনের বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন বদিউল আলম মজুমদার।

প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বাইরে নতুন নেতৃত্বে ‘মানবিক ঢাকা গড়ার’ ডাক দিয়ে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়রপ্রার্থী কাফি রতন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়রপ্রার্থী ম ইনামুল হক।

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কাফি রতন (আব্দুল্লাহ আল ক্বাফী) বর্তমানে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, প্রকৌশলী ম. ইনামুল হক দেশপ্রেমিক জনতার মঞ্চ নামে একটি সংগঠনের আহ্ববায়ক হিসাবে রয়েছেন।