২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর নির্বাচন: আ.লীগ-বিএনপিতে বিভক্ত জাপা

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী সমর্থন নিয়ে জাতীয় পার্টির পৌরসভা কমিটির নেতাদের মধ্যে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে।

রিয়াজুল বাশার

ও আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 01:28 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

ইতিমধ্যেই পৌর জাতীয় পার্টির সভাপতি মনোয়ার হোসেনের নেতৃত্বে দলের নেতাকর্মীদের একটি অংশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে সমর্থন দিয়েছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে নেতাকর্মীদের আরেকটি অংশ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী মাহমুদ হাসান এই পক্ষে রয়েছেন।

দলের চেয়ারম্যান এইচএম এরশাদ ক্ষমতাসীন মহাজোটে থাকার কথা জানালেও স্থানীয় নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়ে কোনো নির্দেশনা না দেয়ায় নেতাকর্মীরা দুই ভাগ হয়ে আওয়ামী লীগ ও বিএনপিসমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে।

মেয়র পদে সমর্থনে দেয়া নিয়ে নেতাদের মধ্যে বিরোধ এমন পর‌্যায়ে পৌঁছেছে যে এক পক্ষের বিরুদ্ধে বড় দলের কাছে অর্থের বিনিময়ে ‘বিক্রি হওয়ার’ অভিযোগ তুলছে অন্য পক্ষ।

গত ২৭ জুন আজমত উল্লার পক্ষে মনোয়ার হোসেনের নেতৃত্বে একাংশ সমর্থন জানালে পৌর কমিটির অপর অংশটি শনিবার মতবিনিময় সভা করে।

কাজী মাহমুদ হাসানের মধ্য ছায়বিথীর বাসায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভাশেষে সাধারণ সম্পাদক রমজান আলী সাংবাদিকদের বলেন, “সভায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নানকে সমর্থন দেয়ার পক্ষে মত এসেছে।” 

তবে সোমবার এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান রমজান।

সাবেক সেনা কর্মকর্তা মাহমুদ হাসানের মনোনয়নপত্র প্রত্যাহারের পরই দলটির ভোটব্যাংক টানার চেষ্টায় উঠেপড়ে লাগে প্রধান দুই রাজনৈতিক দল।

দলের চেয়ারম্যান এরশাদ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফেরার পর শুরু হওয়া নানা গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে মহাজোটের সঙ্গে থাকার কথা জানান তিনি।

তবে সিটি করপোরেশনের নির্বাচন স্থানীয় হওয়ায় সেবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি এড়িয়ে যান তিনি।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মাহমুদ হাসান বলেন, “আমি এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। আমি চেয়েছি তাদের (নেতাদের) মত শুনতে। তারা সম্মিলিতভাবে একই মতপ্রকাশ করতে চাচ্ছে। আমার মনে হয়, তাদের সঙ্গে থাকাই আমার জন্য ভালো।”

কথা বলার এক ফাঁকে তিনি পৌর কমিটির সভাপতি মনোয়ার হোসেনের নামে টাকার বিনিময়ে ১৪ দল সমর্থিত প্রার্থীকে সমর্থনের অভিযোগ করেন।

তিনি বলেন, “অনেকে বলছেন, অ্যাডভোকেট মনোয়ারকে দল থেকে বহিস্কার করেন। তাকে নাকি গতকাল না পরশু ৭৫ হাজার টাকা দিয়েছে। এখানে যেসব নেতাকর্মী এসেছিল তাদেরও তিনি নাকি ডেকেছেন, ‘আসেন টাকা নিয়ে যান।’ তবে কেউ যায়নি তার কাছে।”

কারা টাকা দিয়েছে এ প্রশ্নের জবাবে ‘বলতে পারবো’ না বলে এড়িয়ে যান মাহমুদ। এসময় তার সঙ্গে থাকা পৌর জাপার একাধিক নেতা বলতে থাকেন, “১৪ দলের কাছ থেকে টাকা নিয়েছে।”

তবে অর্থের বিনিময়ে কোনো প্রার্থীকে সমর্থনের অভিযোগ অস্বীকার করেন মনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাহমুদ হাসান বলেছে আমি টাকা নিয়েছি? একদম ফালতু কথা। এর চেয়ে ভিত্তিহীন কথাই হয় না।

“এখানে দল সমর্থিত কোনো প্রার্থী না থাকায় নিজের পছন্দ অনুযায়ী যে কোনো প্রার্থীর পক্ষে ভোট করার স্বাধীনতা রয়েছে। এ বিষয়ে দল থেকেও কোনো নির্দেশনা নেই।”

নির্বাচনী প্রচারণা

ভোটের ছয়দিন বাকি থাকতে প্রচারণায় মুখর হয়ে উঠেছে সদ্যঘোষিত গাজীপুর সিটি করপোরেশন এলাকা। শনিবার দিনের বেশিরভাগ সময় বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

দোয়াত কলম প্রতীক নিয়ে মেয়রপ্রার্থী আজমত প্রতিদিনের মত টঙ্গীবাজারের নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে বের হন। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রতিবেশী ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাত শেষে প্রচারণার উদ্দেশ্যে বের হন। বেলা এগারটায় গাজীপুরায় পথসভা করেন টঙ্গী পৌরসভার তিন বারের নির্বাচিত এই মেয়র।

আজমতের পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য তারানা হালিম ও ফরিদা আক্তার ছাড়াও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা প্রচারণায় অংশ নেন।

এদিকে টেলিভিশন প্রতীকের এম এ মান্নান সকাল সাড়ে ১০টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন। নেতাকর্মীদের নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আউচপাড়া, এরশাদ নগর, খাঁ পাড়া ও গাজীপুরা এলাকায় বিভিন্ন পোষাক কারখানায় প্রচারণা চালান। এরশাদ নগরেও পথসভা করেন তিনি।

মান্নানের পক্ষে এদিন প্রচারণা চালাতে আসেন বিএনপি নেতা তরিকুল ইসলাম, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় ও ফজলুল হক মিলন।