২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গাজীপুরে ফল পক্ষে নিতে চেষ্টা সরকারের'

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল সরকার তার সমর্থিত প্রার্থীর পক্ষে নিতে চেষ্টা করছে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এ কৌশল রুখতে নির্বাচন কমিশনকে শক্তভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, গাজীপুর নির্বাচনে সরকার তার সমর্থিত প্রার্থীর পক্ষে ফলাফল নিতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে।

"আমরা আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। নির্বাচন কমিশনকে বলব, আপনারা কোমড় সোজা করে দাঁড়ান। সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করবেন না। অবিলম্বে ওই নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন করুন। নইলে নির্বাচন সুষ্ঠু হবে না।"

৬ জুলাইয়ের এই নির্বাচনে সরকার নিজেদের পক্ষে ফল নেয়ার চেষ্টা করলে সেদিন থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) ও আমার দেশ এর উদ্যোগে পত্রিকার ছাপাখানা বন্ধ এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও রিমান্ডে নিয়ে নির্যাতন বন্ধের প্রতিবাদে এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "চার সিটি নির্বাচনে এই সরকারকে জনগন জানিয়ে দিয়েছে, তোমরা বিদায় হও, আর জগদ্দল পাথরের মতো বসে থেকো না।"

"সরকারকে বলব, আর কালবিলম্ব না করে নির্দলীয় সরকারের বিধান সংবিধানে সংযোজন করে পদত্যাগ করুন। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।"

সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর সরকারের দমনপীড়নে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "সরকার ১৯৯৫ সালের মতো অঘোষিতভাবে একদলীয় শাসনে দেশ চালাচ্ছে। বিরোধী মত ও বিরোধী দলের ওপর দমন নির্যাতন করছে। সত্যিকার অর্থে সরকারের ফ্যাসিবাদী চেহারা আজ মানুষের কাছে পরিস্কার হয়ে গেছে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক জাফরুল্লাহ চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ বক্তব্য রাখেন।

নির্বাচন কমিশন দন্ত ও নখবিহীন বাঘ

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, "গাজীপুরের নির্বাচনে একজন প্রার্থী জাহাঙ্গীর আলমকে কিভাবে জোর করে বসিয়ে দেয়া হলো। কিন্তু নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া নেই। এই কমিশনের দন্ত ও নখ কোনটাই নেই। প্রতিষ্ঠানটির অবস্থাটা দস্তহীন বাঘের অবস্থা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমানের মতোই একদিন প্রধান নির্বাচন কমিশনার একই কথা বলে চলে যাবেন।’’

"যাদের মেরুদন্ড শক্ত নয়, ওইসব কর্মকর্তাদের সাংবিধানিক প্রতিষ্ঠানে বসানো হয়েছে। ফলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।"

গাজীপুরের নির্বাচনে সরকারি দলের প্রভাব বিস্তারের পরও জনগন সরকার সমর্থিত প্রার্থীর বিরুদ্ধেই রায় দেবেন বলে মনে করেন তিনি।

গত সাড়ে বছরে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বক্তব্য সঠিক নয় উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "সরকার গঠনের পর উপজেলা নির্বাচন হয়েছিলো। ৪৮টি উপজেলার মধ্যে ১৫টিতে সরকারি দলের ভোট দখল ও ব্যালেট বাক্স ছিনতাইয়ের কারণে স্থগিত করা হয়েছিলো। ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক জায়গায় ভোট বাক্স ছিনতাই ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। তাই প্রধানমন্ত্রীর এই দাবি সঠিক নয়।"

সংগঠনের সভাপতি কাশেম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ রাশেদুল হাসান, চাষী নজরুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, সাংসদ শাম্মী আখতার, প্রমুখ বক্তব্য রাখেন।

জাতীয় প্রেস ক্লাবের আরেকটি আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, "গাজীপুর সিটি নির্বাচনে সরকার ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে। এজন্য তারা প্রশাসনকে ব্যবহার করে নানা কলাকৌশল করছে। এর বিরুদ্ধে জনগনকে সজাগ থাকতে হবে।"

সেন্টার ফর ডেমোক্রেসী এন্ড পিস স্টাডিজের আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, অধ্যাপক দেওয়ান সাজ্জাদ, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা , ফারজানা আলম ও সংগঠনের নির্বাহী পরিচালক সাদেক রহমান বক্তব্য রাখেন।