২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদকেও বিরোধী দলের জোটে চান বি চৌধুরী

নির্দলীয় সরকারের আন্দোলন জোরদার করতে সব বিরোধী দলকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার আহবান জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এই ঐক্যে জাতীয় পার্টির চেয়ারম্যানকেও রাখার কথা বলেছেন সাবেক এই রাষ্ট্রপতি।

বি চৌধুরী বৃহস্পতিবার এক সভায় বলেন, “নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। বিরোধী দলকে বলব, এ দাবিতে আন্দোলন জোরদারে ঐক্য প্রক্রিয়া চালু করুন।

“এরশাদ সাহেবসহ কাউকে বাদ দেবেন না। আমরা যত দ্রুত ঐক্যবদ্ধ হতে পারবো, তত তাড়াতাড়ি দাবি আদায় সম্ভব হবে।”

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুসহ প্রয়াত জাতীয় নেতাদের স্মরণে বিকল্পধারা আয়োজিত ওই সভায় ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদও ছিলেন।

তিনি বলেন, তিনি দলীয় চেয়ারম্যান এরশাদের নির্দেশেই এই সভায় যোগ দিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলে না থাকলেও বিকল্প ধারা ইতোমধ্যে জানিয়েছে, বিরোধী দলগুলোকে নিয়ে বড় জোট হবে এবং তাতে তারাও থাকবে।

বি চৌধুরী নির্দলীয় সরকার নিয়ে অবস্থান বদলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

“আগামীতে নির্বাচন না হলে অন্য কোনো শক্তি ক্ষমতায় এলে অথবা কোনো সরকার চাপিয়ে দেয়া হলে তার দায়-দায়িত্ব বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে নিতে হবে।”

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও বক্তব্য রাখেন।

কাদের সিদ্দিকী সংসদে অশালীন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সংসদে যেসব ভাষা ব্যবহৃত হচ্ছে, তাতে বোঝা যায়, দেশ সঠিকভাবে চলছে না।

“একজনের বক্তব্যের পর আমাদের গোল্ড মেডেল পাওয়া স্পিকার বলেছেন, ‘চুদুরবুদুর’ শব্দটি অশালীন নয়। কিন্তু সংসদে যেভাবে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, তা অশালীন।”

মাহবুবুর রহমান বলেন, “ আজ জাতি ও গণতন্ত্রের দুর্যোগ। এ থেকে উত্তরণ ঘটাতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”