অশালীন বক্তব্য রোধে দরকার শিক্ষা: সুরঞ্জিত
সংসদে ‘অশালীন’ বক্তব্য রোধে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংসদীয় ভাষা এবং শিষ্টাচার বিষয়ক শিক্ষা গ্রহণ করা দরকার বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
বুধবার জাতীয় শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “কিছু কিছু তরুণ সাংসদদের অমার্জিত, অশালীন এবং অশোভন বক্তব্যে জাতি অসন্তুষ্ট। আমাদের একজন সদস্য অশালীন শব্দ ব্যবহার করা হলে জরিমানার প্রস্তাব দিয়েছেন। সবাই সম্মত হলে এটা কার্যকরী আইনে পরিণত হতে পারে।”
সম্প্রতি সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলের এক সাংসদ তার বক্তব্যে কিছু শব্দ ব্যবহারকে কেন্দ্র করে সংসদ ও সংদের বাইরে জোর সমালোচনা শুরু হয়।
অশালীন বক্তব্য দিলে অন্তত একদিনের জন্য হলেও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অধিবেশন থেকে বহিষ্কারেরও অনুরোধ জানান তিনি।
তার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিরোধী দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদও।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত বলেন, “গণতন্ত্র একটি জীবনধারা, একটি জীবনপ্রণালী। জীবনের প্রতিটি ক্ষেত্রে তা পালন করতে হয়। শুধু আইন প্রণয়ন করে শাস্তি বিধান করলেই কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংসদীয় আচরণ শিক্ষা দেয়া সম্ভব নয়। প্রতিটি দলেরই পার্লামেন্টারি পার্ট আছে। সাংসদদের সংসদীয় ভাষা ও আচরণ শিক্ষা দেয়ার ক্ষেত্রে পার্লামেন্টারি পার্টকে সক্রিয় হতে হবে।”
বাংলাদেশের সংসদকে ‘অদ্ভুত পার্লামেন্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বের কোথাও এ ধরনের পার্লামেন্ট আছে বলে আমার জানা নেই। এখানে ঘাতক ও ভিকটিম, মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের শক্তি একসাথে বসে আছে। এভাবে দুটি পরস্পরবিরোধী শক্তি একসাথে চলতে পারে না।”
“স্বাভাবিক ও মার্জিত ভাবেও অনেক কঠিন কথা বলা যায়। তার জন্য অশ্লীল হতে হয় না। সর্বক্ষেত্রে যদি গণতান্ত্রিক চেতনার উন্বেষ না ঘটে তা হলে তা গণতান্ত্রিক সংস্কৃতি বেগবান হবে না।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য সতীশ চন্দ্র রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম প্রমুখ।
