নির্যাতন করে ইনুর বাড়িতে হামলার স্বীকারোক্তি আদায়: বিএনপি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় হাতবোমা নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার দুই ছাত্রদল নেতাকে নির্যাতন করে তাদের কাছ থেকে ‘স্বীকারোক্তি’ আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ওই দুজনকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন।
ফখরুল বলেন, “অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ছাত্রদলের মাহবুবুল ও আকিলকে গ্রেপ্তার করে ডিবি অফিসে তাদের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। ক্ষমতাসীন গোষ্ঠী বিরোধী দলকে হেয় প্রতিপন্ন করার জন্য গোয়েন্দা পুলিশের মাধ্যমে এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তিনি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা বিবৃতিতে ফখরুল বলেন, “দুই ছাত্রদল কর্মীর গ্রেপ্তার সম্পর্কে সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের দাবি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।”
গত ৯ জুন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় সোমবার রাতে সরকারি তিতুমীর কলেজের ছাত্র মাহবুবুল আলম ও আকিল মাহমুদকে (২৮) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আকিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মাহবুব তিতুমীর কলেজের নেতা।
তারা দুজন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও ঢাকা মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শরিফ উদ্দিনের পরিকল্পনা ও নির্দেশনায় তথ্যমন্ত্রীর বাড়িতে বোমা হামলার কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি।
ফখরুল বলেন, অনিবার্য পতন আঁচ করতে পেরে সরকার ‘ভীতসন্ত্রস্ত ও হতবিহবল’ হয়ে ছাত্রদল তথা বিএনপিকে ঘায়েল করতেই অপপ্রচার, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
“ছাত্রদলের দুই কর্মীকে ডিবি অফিসে ধরে নিয়ে নির্যাতন ও তাদের কাছ থেকে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা তাদের সেই নোংরা অপকৌশলের অংশ।”
