‘সংসদে ভাষায় প্রধানমন্ত্রীর কথার প্রতিফলন’
সংসদে অশালীন বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কয়েক সপ্তাহ ধরে সংসদে অসংসদীয় বক্তব্য নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এই বক্তব্য এলো।
তিনি বলেছেন, “সব দায় সংসদ নেতার। তিনি (শেখ হাসিনা) যে ভাষায় বক্তব্য দেন, যে ভাষায় কথা বলেন, তারই প্রতিফলনই সংসদে ঘটছে।”
সংসদে অশালীন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ফখরুল সিলেটে সাংবাদিকদের একথা বলেন।
এই অবস্থার উত্তরণ ঘটিয়ে নতুন ধারা চালু করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
ফখরুল মঙ্গলবার সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাড়িতে যান। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গত ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে বিপুল ভোটে হারান বিএনপি নেতা আরিফ।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে হলেও জাতীয় নির্বাচন হবে না বলে মনে করেন বিএনপির মুখপাত্র ফখরুল।
সোমবার নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে আটক হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করতে সংবিধান সংশোধনের দাবি জানিয়ে এলেও সরকার তা প্রত্যাখ্যান করে আসছে।
ফখরুল আবারো বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।
সিটি নির্বাচনের ফলাফলে বর্তমান সরকারের প্রতি জনগণের ‘অনাস্থার’ প্রকাশ ঘটেছে দাবি করে তিনি।
ফখরুলে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহপরাণ (রহ.) মাজারও জিয়ারত করেন।
