২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিখন চৌধুরীর ১০ কর্মী’ জেলহাজতে 

ফরিদপুরের সদরপুর উপজেলায় আটক হুইপ লিটন চৌধুরীর ভাই লিখন চৌধুরীর কথিত ১০ কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শনিবার আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলার হাট এলাকা থেকে নয়টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

লিখন চৌধুরীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, জয়বাংলার হাট এলাকায় গণসংযোগ চালানোর সময় পুলিশ তার কর্মীদের নাজেহাল করে এবং ১০ জনকে আটক করে।

সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, আটকদের মধ্যে কারো কারো বিরুদ্ধে থানায়  বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে ।

এরমধ্যে ইমন চৌধুরী (৩৫) ও শহীদ খানের (৩৮) বিরুদ্ধে এলাকায় মোটরসাইকেল ও  ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা আছে। এদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক অপর আটজনের বিরুদ্ধে ওই এলাকায় মোটরসাইকেলে মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

ওসি মোহাম্মদ আলী আরো বলেন, পুলিশ ওই এলাকায় গিয়ে লিখন চৌধুরী বা তার কোনো লোককে দেখতে পায়নি। যেসব লোক ওই এলাকায় মোটরসাইকেলে করে মহড়া দিচ্ছিল পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাদের আটক করে।

কোনো রাজনৈতিক কর্মীকে নাজেহাল বা আটক করা হয়নি বলেও তিনি জানান।