২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নামাজ পড়েও আমরা হয়ে যাই নাস্তিক!’

আওয়ামী লীগকে ‘নাস্তিক’ বলায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার গণভবনে এক সভায় গণজাগরণ আন্দোলন নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া হেফাজতে ইসলামের বিএনপি সংশ্লিষ্টতার সমালোচনাও করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলন শুরু হওয়ার পর শাহবাগের এই আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে মাঠে নামে চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলাম।

বিভিন্ন কর্মসূচিতে বিএনপির সমর্থন পাওয়া হেফাজতের নেতারা শেখ হাসিনার সরকারকে ‘নাস্তিক্যবাদীদের সরকার’ আখ্যায়িত করে বক্তব্য দিয়ে আসছেন।

এই প্রসঙ্গ ধরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা বলেন, “আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ে, কোরআন তেলওয়াত করে দিন শুরু করি। আমরা হয়ে যাই নাস্তিক।

“আর যিনি ঘুমের থেকে ওঠেন দুপুর ১২টার পর, তারা হলো আস্তিক। ওই বাড়ি বদলের সময় আপনারা তো বোতল দেখেছেন। বোতল খায়, ঘুমায় ১২টা পর্যন্ত, তারা হলো আস্তিক, আমরা হলাম নাস্তিক! এটাই হলো আমাদের দুর্ভাগ্য।”

হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে বিএনপির সমর্থন ছিলো, মতিঝিলে তাদের এক সমাবেশে বিএনপি নেতারাও যোগ দেন। 

গত ৫ মে মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযানে তুলে দিলে তার কঠোর সমালোচনা করে আসছে বিএনপি।   

ওই অভিযানে কেউ নিহত হয়নি বলে সরকারের দাবি; অন্যদিকে ওই দিন ‘গণহত্যা’ চালানো হয় দাবি করে ক্ষমতায় গেলে এর বিচারেরও ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।