বিকল্প রাজনৈতিক শক্তি বলয় গড়ে তোলার আহ্বান সিপিবির
দেশকে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল, শক্তি ও ব্যক্তির প্রতি একটি বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, জনগণের একটি বড় অংশ যে ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিতে শুরু করেছে সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি কর্পোরেশন নির্বাচনের ফলে তা স্পষ্ট হয়েছে।
এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একই ফল হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেক্ষেত্রে দেশের ওপর সাম্প্রদায়িক জঙ্গি শক্তির নিয়ন্ত্রণ বাড়বে এবং দেশ একটি বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়বে।”
এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হলে বিএনপি-জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রোখার বিকল্প নেই বলে মনে করে দলটি।
সেজন্য আওয়ামী লীগের ‘কলঙ্কিত’ ভাবমূর্তি থেকে মুক্ত ও তার বাইরে থাকা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সৎ, স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন দেশপ্রেমিক বামপন্থী শক্তির একটি সম্মিলিত শক্তি বলয় গড়ে তোলা জরুরি বলে সিপিবি নেতারা মনে করেন।
এছাড়া নির্বাচন ব্যবস্থাকে অবাধ-নিরপেক্ষ ও প্রতিনিধিত্বশীল করার জন্য ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ চালু এবং নির্বাচনে টাকার প্রভাব, পেশী শক্তির প্রয়োগ, প্রশাসনিক কারসাজি ও ধর্মীয় অনুভূতির ব্যবহার বন্ধসহ নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানান তারা।
