চার দশকে প্রথম পরাজয় কামরান-খালেকের
প্রায় চার দশকের নির্বাচনী-রাজনীতিতে প্রথমবারের মতো গণরায় বিপক্ষে গেল আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান ও তালুকদার আব্দুল খালেকের।
পরাজিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ দুই নেতাই ভেদাভেদ ভুলে ‘গণতন্ত্রের নীতি ও শ্রদ্ধাবোধের জায়গা’ থেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর’ সঙ্গে মিষ্টিমুখ করে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেছেন।
শনিবার দেশের চার সিটি কর্পোরেশন নির্বাচনের সবকটিতে মহাজোট সমর্থিত প্রার্থীদের হারিয়ে বিজয়ী হন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা। স্থানীয় এ নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিতেও ছিল নানা আলোচনা।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে ৬০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন মনিরুজ্জামান মনি। অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ের স্বাদ নেন আরিফুল হক চৌধুরী।
এ পরাজয়ের মধ্যদিয়ে নির্বাচনে প্রথম হার মানলেন পৌরসভার কমিশনার হিসাবে জনপ্রতিনিধিত্বের জীবন শুরু করা কামরান ও খালেক।
স্বাধীনতাত্তোরকালে ১৯৭২ সালে কামরান যখন উচ্চ মাধ্যমিকের ছাত্র তখনি তিনি সিলেট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। প্রথমবার দায়িত্ব পালনের পর মধ্যবিত্ত পরিবারের ছেলে কামরান কর্মসূত্রে পাড়ি জমান মধ্যপ্রাচ্যে। কিন্তু পাঁচ বছরের মাথায় আবার দেশে ফিরে রাজনীতিতে নামেন।
১৯৮৪ ও ১৯৮৯ সালে টানা ২ বার ওয়ার্ড কমিশনার হন। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি সিলেট পৌরসভার মেয়র নির্বাচিত হন।
২০০১ সালের ৯ এপ্রিল সিলেট পৌরসভা সিটি কর্পোরেশনে উত্তীর্ণ হলে ২০০৩ সালে সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে সিটি মেয়র হিসেবে নির্বাচিত হন কামরান।
ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মহানগর সভাপতি এম এ হককে ২৭ হাজার ৫০১ ভোটের ব্যবধানে পরাজিত করেন কামরান।
২০০৮ সালের নির্বাচনে কারাগারে থেকেও কামরান নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আ ফ ম কামালকে ৮৩ হাজার ৯৯৯ ভোটের বিশাল ব্যাবধানে পরজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র হন।
কিন্তু শনিবার ৬২ বছর বয়সে পরাজয়ের পর এই আওয়ামী লীগ নেতা বলেন, “জয়-পরাজয়ের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় না। জনগণ মনে করেছেন নতুন কাউকে নির্বাচিত করবেন তাই তারা সুন্দর রায় উপহার দিয়েছেন।”
খালেকের রাজনৈতিক জীবনও শুরু কামরানের মতোই পৌরসভার কমিশনার হিসাবে। ১৯৭৭ সালে তিনি প্রথম খুলনা পৌরসভার মহসিনাবাদ এলাকা থেকে পর পর দুইবার কমিশনার হিসাবে নির্বাচিত হন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৬১ বছরের এ বর্ষীয়ান রাজনীতিবদকে।
খুলনা থেকে ফিরে যান তিনি নিজের গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে। সেখান থেকে পর পর তিনবার তিনি জাতীয় সংসদ নির্বাচিত হন। এরমধ্যে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এই আসনে বর্তমান সাংসদ হিসাবে দায়িত্ব পালন করছেন তার স্ত্রী হাবিবুর নাহার।
২০০৮ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ২৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিএনপি নেতা মনিরুজ্জামান মনিকে পরাজিত করে খুলনার নগরপিতা হন।
তবে শনিবারের নির্বাচনে বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনি তাকে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে পিছনে ফেলে নগর ভবন দখল করে নেন।
নির্বাচনী রাজনীতির প্রথম এ হার মেনে নিয়েছেন খালেক। তার ভাষায়, “চেষ্টা তো করেছি মানুষকে ভালবাসার, নগরীর উন্নয়ন করার। তবু হারলাম।”
