সিলেটে ‘কৌশলে সক্রিয়’ হেফাজত
১৮ দলীয় জোটের বাইরের অরাজনৈতিক নেতারা প্রকাশ্যে না এলেও সাম্প্রতিক সময়ে আলোচিত হেফাজতে ইসলাম সিলেটে ‘কৌশলে’ কাজ করছেন বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে।
সিলেটে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের আনারস এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরীর টেলিভিশনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় ভোটাররা মনে করছেন। অপর প্রার্থী সালাহ উদ্দিন রিমনের প্রতীক তালা।
হেফাজত সেক্রেটারির মাদ্রাসার শিক্ষার্থীরাও মাঠে আছেন বলে জানিয়েছেন এক হেফাজত কর্মী।
সিলেটের দরগা মাদ্রাসার শিক্ষার্থী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামরানের দল হেফাজতে ইসলামের যা ব্যবহার করেছে, তার দায়ভার কামরানের উপরও পড়ে। তিনি প্রথম থেকে অবশ্য বিতর্কে জড়াতে না চাইলেও শেষ পর্যন্ত রাস্তায় হেফাজতের বিরুদ্ধে মিছিল করেছেন। হেফাজত রাজনৈতিক সংগঠন না হলেও নির্বাচনে তার প্রভাব পড়বে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হেফাজত মাঠে নাই কে বলেছে? আছে আছে। ভালো করে দেখলে বোঝা যাবে। নানা কারণে কৌশলে চলতে হচ্ছে, তাই সব দেখা যায় না।”
তিনি বলেন, হেফাজতের যেসব নেতা ১৮ দলে রয়েছেন। তারা আরিফের নির্বাচনে প্রকাশ্যেই সক্রিয়। ধুমছে নির্বাচন করছেন। এর বাইরের নেতাদেরকে মাঠে নামিয়ে আমরা ঝামেলায় জড়াতে চাই না। ওনারা মুরুব্বি মানুষ। তবে কর্মীদেরকেতো সমাজচ্যুত করে দেয়া হয়নি। তারা ব্যক্তি পর্যায়ে মতিঝিলের ঘটনা মানুষকে বলে ভোটের সিদ্ধান্ত নিতে বলছেন।
“হেফাজত কর্মীদেরও ভোট ছাড়াও ধর্মভীরু সিলেটের মানুষের ভোটের উপরও তাদের প্রভাব আছে। সেটাই কামরানের দুর্বল দিক।”
“সরকার সিলেটবাসীদেরকে মতিঝিল যেতে দেয়নি। মতিঝিল যারা গিয়েছে, তাদেরকে সরকার নির্যাতন নিপীড়ন করে বের করে দিয়েছে। আমরা ধর্মভীরু সেটা কিভাবে সহ্য করতে পারি। এর কঠোর জবাব দেয়া হবে।”
এই দরগা মাদ্রাসার শায়খুল হাদীস মহিবুল হক গাসফারী সিলেট হেফাজতের প্রধান।
এই মাদ্রাসার শিক্ষার্থী ও হেফাজত কর্মী হিফজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অরাজনৈতিক নেতারা প্রকাশ্য মাঠে নাই। তবে কর্মীরা আছে।
হেফাজত আমিরের দেখা পাওয়া যাবে কি-না, জানতে চাইলে এই দুই হেফাজত কর্মী বলেন, উনি চট করে কাউকে দেখা দেন। তাছাড়া উনি এখন নির্বাচন নিয়ে কোন কথা বলবেন না। এতে বিতর্ক হবে।
শফিক-হিফজুরের সঙ্গে থাকা অন্য হেফাজত কর্মীরাও সম্মতি দেন তাদের কথায়। তারা সবাই মতিঝিল সমাবেশে যেতে না পেরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নিয়েছিলেন।
সিলেট হেফাজতের সেক্রেটারি মাওলানা জিয়াউদ্দিনের আঙুরা মোহাম্মদপুর মাদ্রাসার সিটি কর্পোরেশনের বাইরে অবস্থিত।
ওই মাদরাসার ছাত্র আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমি শহরে নির্বাচনের কাজে এসেছি। তা ছাড়া আমি এখানকার ভোটার। রাতে কাজ করে মাদ্রাসায় চলে যাবো। সকালে আবার ফিরবো।”
‘হেফাজতের উপর সরকারের অত্যাচার বিনা চ্যালেঞ্জে’ ছাড়া না যায় না বলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচনে ভূমিকা রাখছেন বলে জানান তিনি।
কি ধরনের নির্বাচনী কাজ করেন- জানতে চাইলে তিনি বলেন, প্রথম দিকে মতিঝিলের ঘটনায় হ্যান্ডবিল বিতরণ করে মানুষকে ঘটনা জানিয়েছি। মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। প্রচারণা শেষের পর কাল থেকে কেবল পরিচিতদের কাছে যেতে হবে। সবাইকে ঈমানি দায়িত্ব স্মরণ করিয়ে দিবো।
আব্দুর রহমান একটি দলের সঙ্গে ঘুরছিলেন, যাদের সবাই আঙুরা মাদরাসার শিক্ষার্থী।
তবে এ বিষয়ে হেফাজতে ইসলামের সিলেট শাখার আমির শায়খুল হাদিস মাওলানা মুহিবুল হক গাসফারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, তারা কোন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন না।
তিনি বলেন, “আমরা সম্পূর্ণ ভাবে একটি অরাজনৈতিক সংগঠন, রাজনীতিতে জড়ানোর কোন ইচ্ছাই আমাদের নেই। কোন দলের প্রতিই আমাদের কোন পক্ষপাতিত্ব নেই।”
আরিফের পক্ষে মাদ্রাসার ছাত্রদের নির্বাচনী প্রচারনা চলানোর প্রসঙ্গে তিনি বলেন, “যারা এটা করছে, তারা তা ব্যাক্তিগতভাবে করছে। দলগত ভাবে আমার কাউকে সমর্থন দিচ্ছি না।”
