২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদ্বন্দ্বী কামালকে নিরাপত্তা দিতে আহ্বান হিরনের

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান হাবিব কামালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শওকত হোসেন হিরন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 12:03 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

নির্বাচনী প্রচারের শেষ দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আহসান হাবিব কামাল যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তাকে নিরাপত্তা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

বুধবার রাতে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের এক কর্মী পুলিশের গুলিতে আহত হন। ওই সংঘর্ষের সময় কামাল নিজেও সেখানে ছিলেন।

হিরনের বিরুদ্ধে একটি প্রচারপত্র বিলির সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা কামাল সমর্থক কয়েকজনকে আটকে পুলিশে দিলে ওই সংঘাত বাঁধে। 

‘অসত্য প্রচারের’ প্রতিবাদে হিরন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, “আহসান হাবিব কামাল নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আমার বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছেন। এটা আচরণবিধি লঙ্ঘন।”

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করতে বিএনপি নেতা আহসান হাবিব কামালের কর্মী-সমর্থকরা চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতা হিরন।

সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মো. হানিফ, সদস্য সচিব মাহবুব উদ্দিন বীরবিক্রম, হিরনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী তালুকদার মো. ইউনুস, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দারও ছিলেন।

সাবেক মেয়র হিরন সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী হিসেবে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।