২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের তাণ্ডব: না.গঞ্জে ১৭ বিএনপি নেতাকর্মীর জামিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ ১৭ নেতাকর্মী জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আলী আকবরের আদালতে হাজির হয়ে আবেদন করেন বিএনপি নেতাকর্মীরা।

আদালত জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক তৈমূর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ ১৭ জনকে জামিন দেয়।

এর আগে গত ১৯ মে হাইকোর্ট থেকে এক মাসের অন্তবর্তী জামিন পান বিএনপি নেতাকর্মীরা। জামিন শেষে তাদেরকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে তৈমুর আলম খন্দকার বলেন, হেফাজতের সঙ্গে সংঘর্ষে বিএনপির নেতাকর্মীরা হাজির না থাকলেও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এর আগে নারায়ণগঞ্জে ২২ হত্যা মামলায়ও বিএনপি নেতাকর্মীদের জড়ানো হয়।

গত ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় দুই বিজিবি সদস্য ও দুই পুলিশ সদস্যসহ ১৯ জন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক।

র‌্যাব, বিজিবি ও পুলিশের গাড়িসহ ১০টি গাড়িতে আগুন দেয়া হয়। কাঁচপুর হাইওয়ে থানা ও কাঁচপুর পুলিশ ফাঁড়িতে আগুন দেয়া হয়। ভাংচুর করা হয় অর্ধশতাধিক যানবাহন।

এ ঘটনায় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় দু’টি মামলা করে পুলিশ।