২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতার সঙ্গে বচসা, গুলশানে মার্কেটে ভাংচুর

গাড়ি পার্কিং নিয়ে ছাত্রলীগের এক নেতার সঙ্গে বচসার জের ধরে রাজধানীর গুলশানের একটি মার্কেটে ব্যাপক ভাংচুর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার রাতে গুলশান-২ এ ঢাকা সিটি কর্পোরেশন মার্কেটে এ ভাংচুরের ঘটনা ঘটে।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের এক নেতা গাড়ি নিয়ে মার্কেটে ঢোকার সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঝামেলা হয়। এর জের ধরে মার্কেটের প্রায় ১৫টি দোকানে ব্যাপক ভাংচুর করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম রবিউল ইসলাম সোহেল বলেন, তার কমিটির সহ-সম্পাদক নূর ইসলাম গাড়ি নিয়ে মার্কেটে যাওয়ার সময় কথা কাটাকাটির জের ধরে তাকে মারা হয়। এরপর গুলশানা থানা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই মার্কেটে ভাংচুর চালায়।

তিনি বলেন, “ঢাকা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে ছাত্রলীগের কর্মীরা ওই মার্কেটের সামনে অস্থায়ী একটি আমের দোকান দিয়েছিল। কিন্তু মার্কেটের মালিকপক্ষ তাদের দোকান উঠিয়ে দেয়। এ নিয়ে ছাত্রলীগ কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। ভাংচুরের ক্ষেত্রে ওই ক্ষোভও কাজ করে থাকতে পারে।”

মার্কেটের নিরাপত্তাকর্মী মমিনুল ইসলাম বলেন, সন্ধ্যার আগে একটি প্রাইভেটকার উল্টো দিক দিয়ে পার্কিংয়ের স্থানে যেতে গেলে আতিকুল ইসলাম মিন্টু নামে এক নিরাপত্তাকর্মী বাধা দেয়। বাধা অগ্রাহ্য করে গাড়িটি ভেতরে ঢোকানোর পর যাত্রীরা নেমে আতিকুলকে মারধর করে। এ সময় আশপাশের দোকান কর্মচারীরা এগিয়ে এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ৬০ থেকে ৭০ জন যুবক অস্ত্র-শস্ত্র নিয়ে এসে মার্কেটে ঢুকে এলোপাতাড়ি ভাংচুর চালায়। তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। এ সময় একটি স্বর্ণের দোকান থেকে সাইরেন বাজানো হলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি। মার্কেটে ফাঁকা গুলি ছোড়ার কথা শুনেছেন বলে ওসি রফিকুল ইসলামও জানান।