২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনকালীন সরকার নির্বাচিতদের নিয়েই’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গঠিত সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 07:18 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, “সংবিধান অনুযায়ী এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এই সরকারের অধীনে আগামী নির্বাচন পরিচালিত হবে। আমরা বারবার বলছি যে অরাজনৈতিক, অনির্বাচিত কোনো ব্যক্তির কোনো সরকার আওয়ামী লীগ গ্রহণ করবে না।”

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ।

তিনি বলেন, “নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সুযোগ এখনো রয়েছে। এক্ষেত্রে বিরোধীদলের আন্তরিকতার প্রয়োজন।”

আগামী দশম সংসদ নির্বাচন কীভাবে হবে তা নিয়ে দেশের প্রধান দুই দলের মুখোমুখী অবস্থানের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে আলোচনার প্রস্তাব দিলেও বিএনপি বলে আসছে, নির্দলীয় সরকারের নিশ্চয়তা না পেলে তারা সংলাপে রাজি নয়। 

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিরোধীদল সংসদে নিজেদের প্রস্তাব উপস্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন সৈয়দ আশরাফ।

তিনি বলেন, “এই বিষয় নিয়ে আলোচনা শুরু হতে হবে জাতীয় সংসদে। তারপর এটা নিয়ে বিভিন্ন টিমে আলোচনা হবে| এরপর, আশা করি সর্বসম্মতিক্রমে আমরাই একটা প্রস্তাব সংসদে নিয়ে আসতে পারব।”

অবশ্য বিএনপি বলে আসছে, তারা সংসদে নির্দলীয় সরকারের কোনো প্রস্তাব আনবে না। সরকারকেই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। 

৮৩ দিন বর্জনের পর গত ৩ জুন সংসদ অধিবেশনে ফেরে বিরোধী দল। তবে এরপর তিন দফা ওয়াক আউট করেছে তারা। বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময়ও তারা ছিলেন না।

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, নবম জাতীয় সংসদের শেষ কার্যদিবস হবে আগামী ২৫ অক্টোবর।

সংবিধান অনুযায়ী, ২০১৪ সালের ২৪ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে দশম সংসদ নির্বাচন করতে হবে।