বিশাল ঘাটতিতে ঋণের বোঝা বাড়বে: সিপিবি
বাজেটে আয়-ব্যয়ের ভারসাম্যহীনতার জনগণের ঋণের বোঝা বাড়াবে দাবি করে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে সিপিবি।
বৃহস্পতিবার সংসদে মহাজোট সরকারের শেষ বাজেট উপস্থাপনের পর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় বাম দলটি।
এতে বলা হয়, “এবারের বাজেটে পরোক্ষ করের পরিমাণ ও মাত্রা বাড়িয়ে এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাজেটের পরিমাণকে প্রায় সোয়া দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে।”
২০১৩-১৪ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘ধনীদের স্বার্থরক্ষার দলিল’ আখ্যায়িত করে তা ‘প্রত্যাখান’ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
অর্থমন্ত্রী প্রস্তাবিত ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেটে আয় এবং ব্যয়ের মধ্যে ঘাটতি থাকছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ।
এই ঘাটতি মেটানো হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অভ্যন্তরীণ ব্যাংক ঋণ থেকে।
সিপিবি বলেছে, “এই অর্থের বেশিরভাগ খরচ হবে পূর্বেকার ঋণ পরিশোধ, শ্বেতহস্তীর মতো বিশাল প্রশাসনের রক্ষণাবেক্ষণ, বিলাসদ্রব্য আমদানি, অপচয় দুর্নীতিসহ বিভিন্ন প্রকারের সিস্টেম লস, কর রেয়াতের নামে ধনিক শ্রেণীকে বিশাল ভর্তুকি প্রদান, তাদের স্বার্থরক্ষার বেইল আউটের অর্থ যোগান ইত্যাদি কাজে।”
কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সমালোচনাও করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
“এর মাধ্যমে অর্থনীতিতে লুটপাটের ধারা আরো জোরদার করার ব্যবস্থা করা হয়েছে,” বলা হয় বিবৃতিতে।
একইসঙ্গে নির্বাচনে ভোটারদের মহোজোটের পক্ষে ভোট দিতে প্রলুব্ধ করার উদ্দেশ্যে বাজেটে কিছু ‘চটকদার’ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে সিপিবি নেতারা মন্তব্য করেন।
