২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের চেয়ে বাজেট বেশি: আনোয়ার

২০১৩-১৪ অর্থবছরের বাজেটের কলেবর জনগণের সম্পদের তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 08:31 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার দুপুরে এক আলোচনা সভায় আসন্ন বাজেট নিয়ে এই মন্তব্য করেন সাবেক অর্থসচিব আনোয়ার।

তিনি বলেন, “সরকার দেশের অর্থনীতিকে রসাতলে নিয়ে গেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের লোকজন লুটপাট করছে।

পুঁজিবাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা সরকার দলীয় লোকেরা লুটে নিয়েছে অভিযোগ করেন এম কে আনোয়ার।

তিনি বলেন, “এখন শুনছি, নতুন অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য নয়শ’ কোটি টাকা ক্ষতিপূরণের ব্যবস্থার প্রস্তাব করা হবে। সরকারকে বলব, যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে বেরিয়ে আসুন। দেশের অর্থনীতির আর ক্ষতি করবেন না।”

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে মহাজোট সরকারের শেষ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আকার হবে দুই  লাখ ২২ হাজার ৪৯৮ কোটি টাকা, যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৩২ হাজার কোটি টাকার বেশি।

ইয়ুথ ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, “পদ্মাসেতু নির্মাণ প্রকল্প থেকে বিশ্বব্যাংক অর্থায়ন তুলে নিয়ে গেছে সরকারের দুর্নীতির কারণে। এখন তারা বলছে, এই সেতু নিজস্ব অর্থায়নে করবে। এটা তামাসা ছাড়া আর কিছুই নয়।”

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করা হলে দেশের সব উন্নয়ন কাজ ব্যাহত হবে বলে মনে করেন আনোয়ার।

“তাই সরকারকে বলব, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রাপ্তির চেষ্টা করুন।  পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ আমলে নিন।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,

“আমরা চাই নির্দলীয় ব্যক্তিদের নিয়ে একটি সরকার ব্যবস্থা। ওই সরকারের প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনা কিংবা অন্য কোনো দলের লোক হলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে না। জনগণ ওই নির্বাচন প্রতিহত করবে।”

মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতি ইংগিত করে সংসদ সদস্য এম কে আনোয়ার বলেন, “সংসদে বলা হয়েছে, সরকার তার শাসনামলে সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদসহ স্থায়ী সরকারের সুষ্ঠু নির্বাচন করেছে। আমরা জানি, ওই পাঁচ হাজার নির্বাচনে সহিংসতায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আর আইনশৃঙ্খলার অবনতির সাড়ে ৪ হাজার ঘটনা ঘটেছে।”

বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ বলেও দাবি করেন তিনি।

এদিকে, গত পাঁচ বছর ধরে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মুদ্রাপাচার মামলায় বিচারের মুখোমুখি করতে সরকারের নেয়া নানা পদক্ষেপের সমালোচনা করেন এম কে আনোয়ার।

তিনি বলেন, “তারেককে সরকার ভয় পায় বলে তারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার, নাগরিক সংসদের সভানেত্রী ফরিদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য দেন।