বিএনপির নেতৃত্বে নতুন জোটে থাকবে বিকল্প ধারা
১৮ দলীয় জোটে অন্তর্ভুক্ত না হয়ে বিএনপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটে থাকার ঘোষণা দিয়েছে বিকল্প ধারা।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে গঠিতব্য এই জোট আন্দোলন চালাবে বলে মঙ্গলবার জানিয়েছেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারা ১৮ দলীয় জোটে না থাকলেও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সমর্থন দিয়ে আসছিলো।
২০০৭ সালে বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ছিলেন এক সময়ের বিএনপি নেতা বি চৌধুরী।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিন আগে এক সভায় বলেন, এই দাবিতে সব বিরোধী দল একযোগে আন্দোলনে নামবে।
মাহী চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বিএনপির সঙ্গে বিলীন কিংবা ১৮ দলীয় জোটের সঙ্গে একত্রীভূত হবো না। বিএনপির সঙ্গে অন্যান্য বিরোধী দল নিয়ে আলাদা জোট করবো। এ বিষয়ে তাদের কাছে থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।”
“নিরপেক্ষ সরকারের দাবিতে রাজপথে এই জোট জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবে,” বলেন সাবেক এই সংসদ সদস্য।
বিএনপি নেতৃত্বাধীন জোটে বিকল্প ধারার অন্তর্ভুক্তি নিয়ে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন ডাকে বিকল্প ধারা।
দলের মুখপাত্র মাহী চৌধুরী বলেন, স্বল্পতম সময়ে মধ্যে এই জোটের রূপরেখা চূড়ান্ত করা হবে।
“এই জোট হবে আন্দোলন ও নির্বাচনের জোট,” বলেন তিনি।
বিকল্প ধারাকে বিএনপিকে একীভূত করার কোনো পরিকল্পনা নেই জানিয়ে মাহী চৌধুরী বলেন, “বিএনপি থেকে বেরিয়ে এসে আমার বাবা (বি চৌধুরী) বিকল্প ধারা গঠন করেছেন। এজন্য বিএনপির সঙ্গে আমাদের রাজনৈতিক একটি দূরত্ব ছিলো।
“ইতোমধ্যে আমরা তা আলাপ-আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে পেরেছি। কারণ বিকল্পধারা মনে করে, বিএনপির সঙ্গে আমাদের মনস্তাত্ত্বিক সম্পর্ক রয়েছে। শহীদ জিয়াউর রহমান আমাদের রাজনীতির প্রাণশক্তি।”
আওয়ামী লীগ নেতৃ্ত্বাধীন মহাজোটের সমালোচনা করে মাহী চৌধুরী বলেন, “দেশ বর্তমানে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকার আজ বিপর্যস্ত। একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতায় এসে স্বৈরাচারী দানবের মতো জাতির বুকে চেপে বসেছে।”
বিকল্প ধারা এক সময় হরতালের বিরোধিতা করলেও বর্তমান পরিস্থিতিতে হরতালে অনাপত্তির কথাও জানান দলের মুখপাত্র।
“এখন দল নিরপেক্ষ সরকারের জন্য যদি হরতাল দিতেই হয়, ভালো। তবে মানুষ হত্যা ও সহিংসতা পরিহার করে হরতাল দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।”
নির্বাচনকালীন সরকারের বিষয়ে মাহী চৌধুরী বলেন, “আমরা মনে করি, দলনিরপেক্ষ ব্যক্তিদের সংসদ কর্তৃক নির্বাচিত করে ১০ সদস্যদের উপদেষ্টামণ্ডলী করা যেতে পারে।”
সংবাদ সম্মেলনে মাহীর সঙ্গে ছিলেন বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমীন, সহসভাপতি মুহাম্মদ ইউসুফ, দপ্তর সম্পাদক ওয়াসীমুল ইসলাম প্রমুখ।
