রংপুরে বিএনপি নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকালে গুলশান মোড়ে এ হামলায় গুরুতর আহত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আজাদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফুল আজাদ আশঙ্কামুক্ত।
উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে গুলশান মোড়ে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সাইফুল আজাদকে।
দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের নেতাকর্মীরা হামলা হয়েছে বলে দাবি করেন আজাদ।
পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় প্রতিপক্ষ নুর মোহাম্মদ মণ্ডলের সমর্থক ছাত্রদলের ছয় নেতার নামে মামলা হয়েছে।
তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে ওসি জানান।
হামলার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেপ্তার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
