‘কাউকে ছেড়ে দেয়ার এখতিয়ার সরকারের নেই’
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম কারাবন্দি বিরোধী দলীয় নেতাদের মুক্তির পক্ষে বললেও সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, কাউকে ‘ছেড়ে দেয়ার’ এখতিয়ার সরকারের হাতে নেই।
নাসিম শুক্রবার ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের বলেছিলেন, “যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের ছেড়ে দিতে অসুবিধা কোথায়?”
নির্বাচন পদ্ধতি নিয়ে সংলাপ প্রসঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক লীগের আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, “বিএনপি যেভাবে সংলাপ সংলাপ করে অস্থির করে তুলেছে, তাতে মনে হচ্ছে সংলাপের প্রলাপে পরিণত হয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ চায় দেশে অস্থিতিশীল রাজনীতি বন্ধ হোক। কিন্তু আমাদের মানসিক অবস্থার পরির্ব্তন না হওয়ায় দেশে অস্থিতিশীল অবস্থা রয়েছে।”
মানসিকতার পরিবর্তন না হলে ‘সংলাপ প্রলাপে পরিণত হবে’ এবং সংসদ নিরর্বাচন হলেও সংসদ কার্যকর হবে না বলে মন্তব্য করেন তিনি।
