সাতক্ষীরায় জামায়াত শিবিরের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ এদের গ্রেপ্তার করে।
পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি ইকবাল হোসেন (২৫), সদর উপজেলার শিবনগর গ্রামের আব্দুর রহমান (৪৮), জাহানাবাজ গ্রামের বিল্লাল হোসেন (৩০), কালেরডাঙ্গা গ্রামের শহিদুজ্জামান (২০), মাছখোলা গ্রামের মন্টু মিয়া (২২), একই গ্রামের খায়রুল ইসলাম (২৫), শাল্যে গ্রামের সাদেকুর রহমান (২৩) ও তালা উপজেলার বাগডাঙ্গা গ্রামের সোহাগ শেখ (২৪)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি (পরিদর্শক) মোশারফ হোসেন জানান, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন খবর পেয়ে সন্ধ্যায় শহরের কাছে সুদুরডাঙ্গা গ্রামের সামছুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে সরকারি কলেজ শাখার সভাপতিসহ ৮ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা ভেঙ্গে আরো কয়েকজন নেতাকর্মী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা জামায়াত শিবিরের সক্রিয় সদস্য বলেও তিনি জানান।
এদিকে সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান জানান, রাতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করার হয়েছে।
