সভা নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান চুন্নু
সভা-সমাবেশে নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে সংসদীয় কমিটিতে প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নাশকতা-নৈরাজ্য হবে না এমন প্রতিশ্রুতি মিললে সমাবেশে কোনো বাধা নেই।
বুধবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনায় সভা-সমাবেশ নিষিদ্ধ নিয়ে প্রশ্ন তোলেন কমিটির সদস্য জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
তিনি এ বিষয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
পরে চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন ধরনের নাশকতা-নৈরাজ্য হবে না এমন প্রতিশ্রুতি দিলে যে কাউকে সমাবেশ করার অনুমতি দেয়া হবে।”
“বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছুই বলেননি। তবে সমাবেশ নিয়ে প্রশ্নের যে উত্তর পেয়েছি তাতে মনে হয়েছে, অনির্দিষ্টকালের জন্যই এভাবে চলবে।”
গত ১৯ মে চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধের কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও একই কথা জানান।
তবে একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যাখায় বলা হয়, সাধারণ সভা-সমাবেশের উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
বৈঠকে ‘ক্রসফায়ার’ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান চুন্নু।
গত ২২ মে ভোরে রাজধানীর উত্তরায় র্যাবের ক্রসফায়ারে জহিরুল ইসলাম ও সাজু আকন্দ নামে দুই যুবক নিহত হন। পরে র্যাব জানায়, ওই দুইজন পেশাদার ছিনতাকারী। এছাড়া গত ১১ মে রাজশাহীর বিনোদপুর এলাকায় ক্রসফায়ারে এক শিবিরকর্মী নিহত হয়।
চুন্নু বলেন, “হঠাৎ করে আবার ক্রসফায়ারের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে কমিটিতে প্রশ্ন উঠেছে।”
এদিকে সংসদীয় কমিটির বৈঠক সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে গত ৫ মে ঢাকায় সমাবেশের নামে হেফাজতে ইসলামের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র রক্তপাতহীনভাবে মোকাবেলা করা এবং সাভার রানা প্লাজা ধসের কারেণ অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করায় সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে র্যাবের বিভিন্ন অফিসের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে এ বাহিনীকে আরো আধুনিকীকরণ এবং র্যাবের ব্যাটালিয়ন ও সদস্য সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মির্জা আজম, নূরুল ইসলাম সুজন, সানজিদা খানম এবং সফিকুল ইসলাম অংশ নেন।
