হরতালে পেছালো জিয়ার মৃত্যুবার্ষিকীর সভা
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুর্বনির্ধারিত আলোচনা সভার তারিখ পেছানো হয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের কারণে কেন্দ্রীয় আলোচনা সভাটি আগামী ১ জুন, শনিবার একই সময়ে একই স্থানে হবে।
বুধবার বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হওয়ার কথা ছিলো।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান।
এর পর চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন তিনি।
১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়া।
