২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাগরিক অধিকার খর্বে শক্তি বাড়ে উগ্রপন্থীদের’

রাজনৈতিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত করলে তার প্রতিক্রিয়া হিসেবে উগ্রপন্থীদের শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয় বলে মত জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 11:26 AM

Updated : 26 Jul 2022, 03:02 PM

মিসর ও ফিলিস্তিনের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে শনিবার নিউ ইয়র্কে এক আলোচনা সভায় এই মত প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের এই অধ্যাপক।

বাংলাদেশ ও বিশ্ব রাজনীতির এই বিশ্লেষক মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বইমেলা ও বাংলা উৎসবে ‘ধর্মভিত্তিক রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ও সাংবাদিক সেলিম রেজা নূর সভায় আলোচনা করেন। নাসিমুন্নাহার নিনির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রবাসী অনেক বাংলাদেশি অংশ নেন।

বাংলাদেশে হেফাজতে ইসলামের সাম্প্রতিক তৎপরতার প্রেক্ষাপটে আলী রীয়াজ বলেন, বিভিন্ন কারণ এবং প্রক্রিয়ার ফসল হিসেবে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির প্রসার ঘটেছে।

গত নির্বাচনগুলোর ভোটের হিসাব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে সামাজিক জীবনে ধর্মের বেশ প্রভাব থাকলেও রাজনৈতিক আদর্শ হিসেবে যে জনগণ তা গ্রহণ করতে নারাজ তার নজির গত চারটি নির্বাচন। ইসলামপন্থী সব দল মিলে গড়ে ৮ শতাংশের বেশি ভোট পায়নি।

“রাজনীতিতে ধর্মের ব্যবহার জনগণ দেখতে চান না, ধর্মভিত্তিক দলকে তাদের যথাযথ প্রতিনিধিও মনে করেন না।”

কিন্তু ধর্মভিত্তিক দলগুলোকে বড় রাজনৈতিক দলগুলো তোয়াজ করে চলে বলে মন্তব্য করেন এই অধ্যাপক।

“ধর্মভিত্তিক দল যতই শক্তি প্রদর্শন করেছে, বাংলাদেশের প্রধান দলগুলো ততই চাপের মুখে পশ্চাদপসরণের পথ বেছে নিয়েছে।”

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির অধিকাংশ মেনে নেয়া এবং মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা তার নজির হিসেবে তুলে ধরেন আলী রীয়াজ।

একইসঙ্গে তিনি এই বিষয়ে প্রধান বিরোধী দলের অবস্থান তুলে ধরে বলেন, “বিএনপি হেফাজতের দাবি দাওয়ার বিষয়ে কোনো ধারণা ছাড়াই (এমনকি সংগঠনের নাম বিষয়ে খালেদা জিয়ার অজ্ঞতা সত্ত্বেও) আশু রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে।”

এই প্রসঙ্গে নাঈমুল ইসলাম খান বলেন, “বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেড়েছে ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে। সে সময় রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে ছিলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলে, একইসঙ্গে মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি করেছে।

“বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে চট্টগ্রাম এম এ হান্নান এয়ারপোর্টের নাম পাল্টে শাহ আমানত এয়ারপোর্ট করা হয়েছে। শেখ হাসিনা আবার জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পাল্টে হজরত শাহজালাল এয়ারপোর্ট করেছেন। এগুলো কীসের লক্ষণ?”

মিসরে মুসলিম ব্রাদারহুড এবং ফিলিস্তিনে হামাসের উত্থানের ইতিহাস তুলে আলী রীয়াজ বলেন, “যেখানে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত হয়েছে, ক্ষমতাসীনরা নাগরিকের অধিকারকে সীমিত করেছে, সেখানেই ইসলামপন্থীরা শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছে।”

“গণতান্ত্রিক রাজনীতিই কেবল ধর্মভিত্তিক রাজনীতিকে সীমিত পরিসরের মধ্যে আটকে রাখতে পারে,”  মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্র এবং ধর্মীয় ইস্যুতে খোলামেলা আলোচনার পরামর্শ দিয়েছেন প্রবাসী এই অধ্যাপক।

“সারাবিশ্বে ধর্ম-সেক্যুলারিজম বিষয়ে গত কয়েক দশকে যে ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশের একাডেমিক জগতে সে বিষয়ে উৎসাহ কম। শরিয়া আইন চালু করা হবে কি না, সে সম্পর্কিত সাতটি বাক্য নিয়ে ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা তিন বছর বিতর্ক হয়েছে ইন্দোনেশিয়ায়।”

“বাংলাদেশে সেটি ঘটেনি কখনোই। সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর সময়ে তেমন একটি আলোচনার সুযোগ এসেছিলো, তাকেও কাজে লাগানো হয়নি।”

“এই বিষয়ে নির্ভয়ে বিতর্কের অনুকূল পরিবেশ গড়ে তুলতে না পারলে আমরা পুরনো চিন্তার বৃত্তচক্রে ঘুরপাক খেতে থাকবো,” উপসংহার টানেন আলী রীয়াজ।