২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা মন নিয়ে আসুন: মঈন খান

সংকট নিরসনে ‘খোলা মন’ নিয়ে সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের কপালে কোপ দিয়ে আপনারা বলবেন, সংলাপে বসুন। এভাবে সংলাপ কিংবা আলোচনা হয় না। খোলা মন নিয়ে আসুন- নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় সরকারের অধীনে কীভাবে নির্বাচন নিরপেক্ষ করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করি।”

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ঐতিহাসিক ফারাক্কার লংমার্চ দিবস পালন উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।

মঈন খান বলেন, “একদিকে সরকার সংলাপের কথা বলছে। অন্যদিকে হুমকি-ধমকি দিয়ে দেশে একদলীয় বাকশালী শাসনে দেশ চালাচ্ছে। এটাকে আর যাই বলা হউক গণতান্ত্রিক শাসন বলা যায় না।”

সরকার যেকোনো উপায়ে ক্ষমতাকে আকড়ে ধরে রাখার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

নতজানু পররাষ্ট্র নীতির সমালোচনা করে আবদুল মঈন বলেন, “দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যদেশের স্বার্থ রক্ষা করছে সরকার।”

সদ্য কারামুক্ত দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, “সরকার একবার সংলাপের কথা বলছে। আবার বলছে, কোনো সংলাপ হবে না। বিরোধী দল ও ভিন্নমতকে হত্যা-নির্যাতনের মাধ্যমে দাবিয়ে রেখে ক্ষমতাসীনরা মনে করেছে, তারা জয়যুক্ত হয়ে গেছেন। তাদের এই ধারণা ঠিক নয়।’

সংগঠনের সহসভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে মহানগর বিএনপি‘র সচিব আবদুস সালাম, যুব দল ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।