২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ বাধাগ্রস্ত: ফারুক

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুকে গ্রেপ্তার ও ১৮ দলীয় জোটকে সমাবেশ করতে না দেয়ায় সংলাপে বসার আলোচনা বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 11:04 AM

Updated : 25 Apr 2022, 06:44 PM

 বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুকে গ্রেপ্তার ও ১৮ দলীয় জোটকে সমাবেশ করতে না দেয়ায় সংলাপে বসার আলোচনা বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলেন তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, “যখনই রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেন তখনই সরকার একটা অঘটন ঘটায় এবং বিরোধী দলের সংসদে যাওয়ার পরিবেশ নষ্ট করে।”

তবে সংসদে যাওয়ার ব্যাপারে দলের নীতিনির্ধারক এবং সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “আমরা মনে করি যে সংসদে পদ্মা সেতুর দুর্নীতি-হলমাক কেলেঙ্কারিসহ সরকারের অনিয়ম নিয়ে কথা বলা যাবে না সেখানে সংসদের সদস্য পদ বড় না। দেশ আমাদের কাছে বড়।”

ইতোমধ্যে ঢাকা সফরে এসে জাতিসংঘ মহাসচিবের দূত সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে ‘দ্রুত’ সংলাপ শুরু করার তাগিদ দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আশা করছেন, অর্থবহ সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পরপরই গ্রেপ্তার হন দলের যুগ্ম মহাসচিব বুলু।

বরকত উল্লাহ বুলুসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান ফারুক।এদিকে দ্বিতীয় দফায় সমাবেশের অনুমতি না পেয়ে নির্দলীয় সরকারের দাবিতে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “যদি সরকার সংলাপ নিয়ে আন্তরিক থাকে তবে যে নামে হোক নির্বাচনের জন্য নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের আহ্বান জানাবো।”

পাকিস্তানে আদলে নির্বাচনের দাবি করে তিনি ফারুক বলেন, “কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। আমাদের এখানেও একই পদ্ধতিতে নির্বাচন করার হোক।”

“আওয়ামী লীগ নিজ সরকারের অধীনে নির্বাচনের পাঁয়তারা করছে, তার প্রমাণ ১৮ দলীয় জোটকে সমাবেশ করতে না দেয়া এবং বিরোধী দলীয় সংসদ সদস্যসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার।”

বর্তমান রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার আবদুল হামিদ বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সংসদে বক্তব্য দিতে বাধা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, “আমাদের নেত্রীর বক্তব্য দেয়ার সময় স্পিকার বারবার কথা সংক্ষেপ করতে বলে বাধা দেন। অথচ বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন তাকে কখনও বাধা দেয়া হয়নি।”

গত বছরের ২০ মার্চ জাতীয় সংসদে ১ ঘণ্টা ৫৭ মিনিট বক্তব্য দেন খালেদা জিয়া।