সংবিধানের নিয়মেই নির্বাচন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বলেছেন, সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক ধারা মেনেই আগামী সাধারণ নির্বাচন হবে।
বুধবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতেই প্রারম্ভিক বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে শেখ হসিনা বলেন, “পার্লামেন্টে আসেন, বসেন। যা বলার বলেন।”
উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচন গণতান্ত্রিক ধারায় হবে। জনগণের প্রতিনিধিত্ব করে না- এমন কোনো অগণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হবে না।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে। এর বিরোধিতা করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে তা বয়কটের হুমকি রয়েছে তারা।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দিয়ে বলেন, নির্বাচনের সময় গণতান্ত্রিকভাবে সর্বদলীয় মন্ত্রিসভা হলে- তা মেনে নিতেও তার আপত্তি নেই। তবে বিএনপি বলছে, আগে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে হবে, তারপরই আলোচনা হতে পারে।
এ বিষয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক ধারায় যেভাবে নির্বাচন হয়- সেভাবেই নির্বাচন হবে। এজন্য, যা বলার বলেন।”
“তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক না করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে নির্বাচন করতে যা করার করেন।”
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “নির্বাচন নিরপেক্ষ হবে। আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। জনগণ ভোট দিলে আছি। না দিলে নাই।”
আইনের শাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই সরকার করবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
বিরোধীদলকে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে। জনগণের ক্ষতি আমাদের সরকার কোনো মতেই বরদাশত করবে না।”
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “হুমকি-ধামকি, হত্যা-ধ্বংস বন্ধ করে সংসদে আসেন। সমস্যা থাকলে সমাধানের কথা বলেন। খাল কেটে কুমির আনবেন না। আপনাকেই আগে কামড়াবে।”
“উনি যেন গর্ত খুড়ে সাপ বের করার চেষ্টা না করেন। তাতে উনার ভালো হবে না”, বলেন প্রধানমন্ত্রী।
আর কখনো গণতান্ত্রিক শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে- তা নিশ্চিত করারও প্রত্যয় জানান শেখ হাসিনা।
‘অগণতান্ত্রিক ধারার’ দিকে না গিয়ে গণতান্ত্রিক ধারায় থাকার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “নির্বাচন করা তাদের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা না করে স্থায়ী ব্যবস্থা করতে চাইল।”
জনগণের প্রতিনিধিত্ব করে না এরকম ‘ভারি ভারি নামের’ ব্যক্তিদের পাকাপোক্তভাবে ক্ষমতায় বসানোর চক্রান্ত হয়েছিল বলেও শেখ হাসিনা মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। কিন্তু তাদের চক্রান্ত শেষ হয়ে যায়নি।”
খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “ক্ষমতায় থাকতে বিএনপি নেত্রী জাতির পিতার হত্যাকরীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। আর এখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এখন আন্দোলন করে সরকার উৎখাত করতে চাচ্ছে।”
“আমি সংলাপের ডাক দিলাম। উনি (খালেদা জিয়া) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন।”
হেফাজতে ইসলাম ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিতে এসে বিএনপির ‘রাজনৈতিক চালে’ শাপলা চত্বরে বসে পড়ে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আগের দিন বিরোধীদলীয় নেতা বললেন, আমি পালানোর পথ পাব না। এখন আমার প্রশ্ন, পথহারা কে? উনি এখন পথহারা পথিক হয়ে একা ঘুরে বেড়াচ্ছেন।”
সরকার সংলাপের কথা বললেও বিরোধী দলীয় নেতা ‘হুমকি-ধামকি’ দিচ্ছেন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, “আপনি কোন গুহা থেকে আশার বাণী পেয়েছিলেন। উনার খুটার জোরটা কোথায় জাতি জানতে চায়।
“৪৮ ঘণ্টার হুমকি ধামকি আধা ঘণ্টায় ফিনিস।”
বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন বয়কটের ঘোষণা দিলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোটে অংশ নেয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “উনি ইলেকশনে ঠিকই আসেন। আশা করি, আগামীতেও আসবেন।”
