২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পরিবর্তনে হতাশ নাসিম

পাকিস্তানে নির্বাচনে মুসলিম লীগ নেতা নওয়াজ শরিফের বিজয়ে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

তিনি বলেছেন, এর ফলে সংঘাতপ্রবণ দেশটিতে জঙ্গি গোষ্ঠী তালেবানের কর্তৃত্ব আরো বাড়বে।

পাকিস্তানে ভোটের ফলাফল আসার পরদিন রোববার ১৪ দলের এক মতবিনিময় সভায় নাসিম একথা বলেন।

“পাকিস্তানে একটি পক্ষকে জয়ী করতে একটি দুর্বল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্মভাবে নির্বাচন হয়েছে। তালেবানের সমর্থক দলকে ক্ষমতায় আনা হয়েছে।”

পাকিস্তানে এই প্রথম কোনো সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, যাতে প্রয়াত বেনজীর ভুট্টোর দল পিপলস পার্টির শোচনীয় পরাজয় ঘটেছে।

নির্বাচনের আগমুহূর্তে পিপিপি সরকারের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলেকে অপহরণের বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “একটি দল প্রচারই চালাতে পারেনি। এক প্রধানমন্ত্রীর ছেলে অপহরণ হয়েছে। দেখি আগামীতে কী হয়?”

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে মতবিনিময় করেন ১৪ দলেরে নেতারা।

ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, “পাকিস্তানে যে সরকার হচ্ছে তা আইএসআই এবং সেনাবান্ধব সরকার। এখন আইএসআই নতুন উদ্যমে বাংলাদেশে তাদের কাজকর্ম শুরু করবে।”

২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা বা ১০ ট্রাক অস্ত্র মামলার কথা তুলে তিনি বলেন, যখনি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা চলে আসছে, তখনি মামলাগুলো গতি হারাচ্ছে।