২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার কর্মসূচি দেবে বিএনপি

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে সরকারকে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ার পর সোমবারে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি দেবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বৃহস্পতিবার খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়।

সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ওই সমাবেশ হবে ১৮ দলের ব্যানারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বৈঠকের সাংবাদিকদের বলেন, “আমাদের মূল দাবি, দেশে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান। এই দাবিতে আগামী সোমবার সমাবেশ হবে। সেখান থেকে আমরা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবো।”

গত শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মতিঝিলের সমাবেশ থেকে সরকারকে দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়।

আগামী নির্বাচন নিয়ে সংলাপে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের পর তিনি এই আলটিমেটাম দেন।

এরপর সোমবার বিএনপি হেফাজতে ইসলামকে দমন-পীড়নের প্রতিবাদে দুদিনের হরতাল ডাকে। তার আগের দিন হেফাজতকে মতিঝিল থেকে তুলে দিয়েছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

মওদুদ বলেন, আলটিমেটামের পর কর্মসূচি ঠিক থাকলেও তা দিতে পারেননি তারা।

“সরকারের পক্ষ থেকে পরদিনই ওই আল্টিমেটাম প্রত্যাখ্যান করা হয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা কর্মসূচিও ঠিক করেছিলাম।”

“কিন্তু ৫ মে হেফাজতে ইসলামের ওপর বর্বরোচিত হামলার কারণে আমরা নির্দলীয় সরকারের দাবির আন্দোলনের কর্মসূচি দিতে পারিনি,” বলেন তিনি।

দুদিনের হরতালের পরই দলের নীতি-নির্ধারণী ফোরামের সদস্যদের বৈঠকে ডাকেন খালেদা। গুলশানে তার কার্যালয়ে পৌনে দুই ঘণ্টার এই বৈঠক হয়।

বৈঠকে মওদুদ ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খান।

পুরনো খবর:

খালেদার আলটিমেটাম ‘প্রত্যাখ্যান’