২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হুকুমের আসামি' হবেন খালেদা: প্রধানমন্ত্রী

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের কর্মসূচির দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বিরোধীদলীয় নেতাকে ‘হুকুমের আসামি’ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 07:31 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কথায় কোরআন শরীফ পোড়ানো হয়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি জানি না, পৃথিবীর ইতিহাসে এতো কোরআন শরীফ কেউ এক সাথে পুড়িয়েছে কিনা?”

শনিবারের মহাসমাবেশ থেকে দেয়া খালেদা জিয়ার আলটিমেটাম ব্যর্থ হয়েছে উদ্দেশ্য করে শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেছেন, “আলটিমেটামের অনেক এক্সারসাইজ হয়ে গেছে। হরতাল দিয়ে লাভ হবে না। মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।”

“গণতন্ত্রের পথে আসেন”, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন শেখ হাসিনা।

গণভবনে বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিয়ন অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক বক্তব্যে শেখ হাসিনা একথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রী বিএনপি সভানেত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, “৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে বললেন, আমি পালানোর পথ পাবো না। ওনার ৪৮ ঘণ্টার আলটিমেটাম কই গেলো?”

হেফাজতের কর্মসূচির দিন যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “প্রত্যেককে ধরা হবে। একজনকেও ছাড় দেওয়া হবে না।”

‘পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে কীভাবে ইসলামের হেফাজত করা হচ্ছে?’ প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

হেফাজতের সমাবেশে জামায়াত ও বিএনপির লোক ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যারা কোরআন শরীফ পুড়িয়েছে, তাদের বিচার ইনশাল্লাহ হবে।”

শেখ হাসিনা গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে করে বিরোধীদলীয় নেতাকে সংলাপের আহবান জানান। পরের দিনই মহাসমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারকে প্রতি ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

রোববার ঢাকা অবরোধের কর্মসূচি থেকে মতিঝিলে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। পরে তারা রাজধানীর বাণিজ্যিক এলাকায় নৈরাজ্য সৃষ্টি করলে সোমবার দিবাগত রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেন।

এর আগেই হেফাজতের কর্মীরা বায়তুল মোকাররমের তিন পাশে (উত্তর, দক্ষিণ ও পশ্চিম) অন্তত সাড়ে সাতশ’ দোকানে আগুন দেয়, যার মধ্যে পোশাক-পরিচ্ছদ, গৃহস্থালীর পণ্য, প্লাস্টিক পণ্য, জুতা, স্যান্ডেল, ধর্মীয় বইপত্রের দোকান ছিল। ধর্মগ্রন্থ কোরআন শরীফও পুড়েছে তাদের আগুনে।

পুরানা পল্টনে সিপিবি ও হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ভবনসহ বায়তুল মোকাররম এলাকার অসংখ্য দোকানে আগুন দেয় তারা।

হেফাজতে ইসলামি রাজধানীতে অবস্থানকালে হত্যা ভাংচুর অগ্নিসংযোগ সম্পদ নষ্টসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার হেফাজতে ইসলামের শীর্ষ নেতা, জামায়াত-শিবির ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ১৬টি মামলা করা হয়।

এরপর প্রধানমন্ত্রী বৃহস্পতিবারই প্রথমবারের মতো সে দিনের ঘটনা নিয়ে কথা বলেন।

শেখ হাসিনা বলেন, হত্যা এবং কোরআন শরীফে অগ্নিসংযোগের অপরাধে যে ব্যবস্থা নেওয়ার, তাই নেওয়া হবে।

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের উৎখাত করতে চাইবেন? আর, আমরা কী বসে থাকবো? তা হবে না।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক ধারাবাহিকতায় যেভাবে নির্বাচন হয়। সেভাবেই নির্বাচন হবে।”

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন, “দু’টি বাড়িঘর পুড়িয়ে, রাস্তা ভেঙে- যদি ভাবেন কেউ ক্ষমতায় বসিয়ে দেবে, কেউ দেবে না।”

“এই সব অপকর্ম বিরোধীদলীয় নেতাকে বন্ধ করতে হবে। আলটিমেটাম তো ব্যর্থ হয়ে গেছে", যোগ করেন প্রধানমন্ত্রী।

পুরনো খবর:

১৬ মামলায় আসামি বিএনপি নেতারাও