মুক্তি পেলেন ফখরুল
এক মাস কারাগারে থাকার পর মুক্তি পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্তমান সরকার আমলে তৃতীয়বার গ্রেপ্তার বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সোমবার ছাড়া পেয়েছেন। একদিন আগেই উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন মির্জা ফখরুল। মুক্তি পেয়েই উত্তরার বাসার উদ্দেশে রওনা হন তিনি।
বন্দি হিসেবে ফখরুলের পুলিশ পাহারা সন্ধ্যা ৬টায় সরিয়ে নিলে দলের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান। এরপর তিনি উত্তরায় তার বাড়িতে রওনা হন।
রাতে গুলশানের কার্যালয়ে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, তিনি কিছুটা অসুস্থ। ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা চলছ।
সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির মুখপাত্র।
হাসপাতালে সাদেক হোসেন খোকা, বরকতউল্লাহ বুলুসহ দলীয় নেতা-কর্মীরা ফুল নিয়ে গেলেও হেফাজতে ইসলামীর কর্মী হতাহতের ঘটনায় শোক জানিয়ে তা নেননি ফখরুল।
গুলশানের গণজাগরণবিরোধী হেফাজত রোববার দুপুরে ঢাকা অবরোধের পর রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে পুরানা পল্টন ও গুলিস্থান এলাকায় নিহত হন অন্তত তিনজন।
এরপর হেফাজতকর্মীরা মতিঝিলে সমাবেশ শেষে অবস্থান নিলে ভোররাতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের তুলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তখন সংঘর্ষে নিহত হন অন্তত আটজন।
ফখরুলের দল বিএনপি হেফাজতের কর্মসূচিতে সমর্থন দিয়ে তাদের সহযোগিতার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলো।
রাজনৈতিক সঙ্কটের অবসানে সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব দেয়া হলে তাতে অন্তরায় হিসেবে নেতাদের আটক থাকার বিষয়টিও তুলে ধরেছিলো বিএনপি।
ফখরুলের আগে ইতোমধ্যে কারাগার থেকে ছাড়া পেয়েছেন মওদুদ আহমদ, বরকতউল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
গত ২ মার্চ মালিবাগে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুটি, রমনা থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় দুটি মামলা হয়, যার প্রতিটিতে ফখরুলকে আসামি করা হয়।
এ সব মামলায় হাকিম আদালত তাকে কারাগারে পাঠায়। এরপর জজ আদালতে তিনি জামিন আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। এরপর তিনি হাই কোর্টে যান।
রোববার হাই কোর্ট ফখরুলকে ছয় মাসের জামিন দেন। পাশাপাশি তাক কেন স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করে আদালত।
