খালেদার মুখ থেকে শুনতে চায় সরকার
সংলাপের যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া খালেদা জিয়ার মুখেই শুনতে চাইছে সরকার।
বিএনপি রাজি হলে তাদের চাওয়া অনুযায়ী সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব দুই-এক দিনের দেয়া হবে বলে জানিয়েছেন সরকার ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
এর প্রতিক্রিয়ায় গত কিছু দিন ধরে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকারী শামসুজ্জামান দুদু সাংবাদিকদের জানান, নির্দলীয় সরকার পদ্ধতি মেনে নিয়ে লিখিত প্রস্তাব দিলে সংলাপ হতে পারে।
বিএনপির এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আশরাফ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “যার নাম আপনারা বলছেন- তিনি এই কথা বলার কর্তৃত্ব রাখেন না। কে কী বলছে, তার ওপর নির্ভর করে কথার গুরুত্ব।
“প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানিয়েছেন। আশা করি, বিরোধীদলীয় নেতার কাছ থেকেই জবাব পাবো।”
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষনেতারা কারাবন্দি হওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসছেন।
আশরাফ বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী আজ আহ্বান জানিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, কবে তারা রাজি হবে। আমরা কাল-পরশুর মধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করবো।”
আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি বিপরীত অবস্থানে থাকায় রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করছেন অনেকে।
বিএনপি দাবি করে আসছে, সংবিধান সংশোধনের আগে যেভাবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতো সেভাবে হতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ অনির্বাচিতদের হাতে ক্ষমতা দেয়ার পক্ষপাতি নয়।
দুই দলের এই মতভেদের অবসান ঘটাতে সংলাপের আলোচনা হচ্ছে।
দুই দলের শীর্ষ পর্যায়েও সংলাপ হতে পারে আভাস দিয়ে তিনি বলেন, আলোচনা দীর্ঘায়িত হবে না বলেও তিনি প্রত্যাশা করছেন।
সন্ধ্যায় অফিসার্স ক্লাবের নতুন গেস্ট হাউজ উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ। সেখানেই সংলাপ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
হেফাজতে ইসলামের ৫ মে’র ঢাকা অবরোধ কর্মসূচি নিয়ে সরকার ‘চিন্তিত’ নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ।
“হেফাজত ও মৌলবাদী সংগঠন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হুমকি, এটা বিরোধীদলীয় নেতাও উপলব্ধি করেছেন।”
