২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমন ঝাঁকুনি দেবো, সরকার পড়ে যাবে: খালেদা

‘ব্যর্থ’ মহাজোট সরকার হটাতে দেশবাসীকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 04:16 PM

Updated : 13 Oct 2022, 02:51 PM

পুরনো খবর:

হতাহতের হিসাব চাই: খালেদা

তিনি বলেছেন, “এই সরকার একটি খুনি ও অপয়া সরকার। তাদের হটাতে সবাইকে আন্দোলনে নামতে হবে। ভালোয় ভালোয় বিদায় না হলে জনগণ মিলে অভ্যুত্থান করে ঝাঁকুনি দিয়ে এমন অবস্থা সৃষ্টি করবো, সরকার চলে যেতে বাধ্য হবে।”

মে দিবসে বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে একথা বলেন বিএনপি চেয়ারপারসন।

সাভারে ভবন ধসে চার শতাধিক শ্রমিকের প্রাণহানির জন্য সরকারকে দায়ী করেন তিনি। বহু প্রাণহানির পরও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে না যাওয়ার সমালোচনাও করেন তিনি।

বিরোধী নেতা বলেন, “আমরা মনে করি, প্রধানমন্ত্রী জনগণকে ভয় পান বলেই সেখানে যেতে পারেননি। তাই এই সরকার যতদিন থাকবে, ততদিন জনগণের কোনো মঙ্গল ও শান্তি আসবে না।”

বক্তব্যের শুরুতে খালেদা জিয়া সাভারে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। হতাহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দেয়ার দাবিও জানান তিনি।

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে, যাতে পাঁচটি পোশাক কারখানা ছিল। এই ধসে হতাহতদের প্রায় সবাই পোশাক শ্রমিক।

সোনারগাঁওয়ে শ্রমিক দলের এই সমাবেশে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর শিল্প এলাকার হাজার হাজার শ্রমিক যোগ দেয়, যার একটি বিশাল অংশ পোশাক শিল্পের নারী শ্রমিক বলে শ্রমিক দল নেতারা জানিয়েছেন।

শ্রমিকদের উন্নয়ন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, “জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতেন। আমিও শ্রমিকের স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি।”

গার্মেন্টস শ্রমিকদের জন্য শতকরা ৫ ভাগ লভ্যাংশ দেয়ার বিধান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, তারা জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে দলীয়করণ করেছে। বিচার বিভাগ ‘দলীয়করণের’ ফলে সেখানে ন্যায়বিচার পাওয়া থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।

“এর ফলে দেশ অচল হয়ে পড়েছে। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই সরকারের বিদায় ছাড়া কোনো বিকল্প নেই।”

সাধারণ মানুষের বিক্ষোভে পুলিশের গুলি, বিরোধী দলের কর্মসূচিতে বাধা, হত্যা-গুমের কথা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, সরকারের ভ্রান্তনীতির কারণে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশিদের ফিরে আসতে বাধ্য হওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগও আসছে না।

চাঁদাবাজি ও দুর্নীতির কারণে দেশে কোনো নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না, বরং পুরনোগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, বলেন বিরোধী নেতা।

আওয়ামী লীগ সারাদেশে ‘গডফাদার’ সৃষ্টি করেছে অভিযোগ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জে একজন গডফাদার আছে যিনি ত্বকীকে (রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ) হত্যা করেছে। ত্বকীর বাবা সংবাদ সম্মেলন করে ওই গডফাদারের বিচার চেয়েছে। নারায়ণগঞ্জের মেয়রও ওই গডফাদারের নাম বলেছেন।

“শুনেছি সেই ব্যক্তিটি না কি এখন বিদেশে চলে গেছে। এভাবে আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাসী গডফাদার লালন করেছে, এখনো করে যাচ্ছে।”

হল-মার্ক, ডেসনিটি, পুঁজিবাজার, পদ্মা সেতু কেলঙ্কারির ঘটনাগুলো তুলে ধরে তিনি বলেন, “হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ক্ষমতাসীনরা দেশটাকে ফোকলা করে দিয়েছে।”

সরকার পতন ত্বরান্বিত করতে আগামী ৪ মে ঢাকার সমাবেশে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

সমাবেশে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পাগল ও অপ্রকৃতিস্থ। তার নির্দেশে পুলিশ সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করছে। প্রধানমন্ত্রীকে বলব, এই উন্মাদকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে পাগলা গারদে পাঠিয়ে দিন।”

শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, ফজলুল হক মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নারায়ণগঞ্জের সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সহসভাপতি শাহ আলম, সোনারগাঁওয়ের সাবেক সাংসদ রেজাউল করীম, আবুল কালাম, আতাউর রহমান আঙ্গুর, মুহাম্মদ গিয়াস উদ্দিন, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনও সমাবেশে বক্তব্য রাখেন।