২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার ব্যবস্থা না নেয়ায় মানবিক বিপর্যয়'

শ্রমিকদের প্রাণ রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 08:12 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রোববার সকালে এক মানববন্ধনে তিনি এই আশঙ্কার কথা জানিয়ে বলেন, "রানা ভবনে ফাটল ধরা পড়ার পরও সরকার ব্যবস্থা না নেওয়ার কারণে সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে। ভবনে ধ্বংসস্তূপে শত শত শ্রমিক এখনো জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন। শত শত লাশ চাপা পড়ে আছে।"

"কেবল তাই নয়, বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে সরকার রাজনীতিতেও ফাটল সৃষ্টি করেছে।  আমরা স্পষ্টভাষায় বলতে চাই, নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা না করা হলে আগামীতে রাজনীতিতে বিপর্যয় ঘটবে। এর দায়-দায়িত্ব তাদের ওপর বর্তাবে", যোগ করেন তিনি।

সরকারকে গণআন্দোলনের মাধ্যমে 'ঝাঁকি' দিয়ে ক্ষমতা থেকে নামতে হবে বলে হুঁশিয়ারি দেন মোশাররফ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, শাহবাগ ও রমনা বিএনপি ও অঙ্গসংঠনের যৌথ উদ্যোগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

রানা ভবনে ব্যাপক প্রাণহানি ও আটকে পড়া শ্রমিকদের রক্ষায় সরকারের অবহেলাকে দায়ী করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "আমরা মনে করি, সময়মত উদ্ধার অভিযান জোরদার করলে আরও প্রাণ বাঁচানো যেতো। শ্রমিকদের প্রাণ রক্ষায় এক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।"

গত বুধবার ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ডের নয় তলা ভবন রানা প্লাজা। প্রথমে স্থানীয়রা ধ্বংস্তূপে উদ্ধার অভিযান শুরু করে, পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসসহ অন্য সংস্থাগুলোর সমন্বিত উদ্ধার অভিযান শুরু হয়।

মোশাররফ অভিযোগ করেন, ক্ষমতাসীন যুব লীগের স্থানীয় নেতা সোহেল রানা ক্ষমতার প্রভাব খাটিয়ে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল করে অবৈধভাবে এই নয়তলা ভবন নির্মাণ করেছে। সরকারের প্রশ্রয়ে এই বেআইনি কাজটি রানা করেছে।

"কেবল তাই নয়, ভবন মালিককে আগেই জানানো হয়েছিলো এটি ঝঁকিপূর্ণ। কিন্তু যুবলীগের ওই নেতা হরতালবিরোধী তৎপরতার জন্য শ্রমিকদের জোর করে ভবনে প্রবেশ করিয়ে মৃত্যুকুপে ঠেলে দিয়েছে।"

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাভারের রানা প্লাজা নাকি বিরোধী দলের কর্মীদের টানাটানিতে ধসে গেছে। তার এই বক্তব্য শুনে দেশ-বিদেশের মানুষ এখন তাকে ভারসাম্যহীন ও  পাগল বলছে।"

সাভারের ঘটনায় নিহতদের স্মরণে ৩০ এপ্রিল কালো পতাকা মিছিল ও ২ মে দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনের আহবান জানিয়ে মোশাররফ বলেন, "আন্দোলনের মাধ্যমে ঝাকি দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। তাহলে দেশে শান্তি, স্থিতিশীল ও জনগনের নিরাপত্তা নিশ্চিত হবে।"

থানা বিএনপির আহবায়ক সাজ্জাদ জহিরের সভাপতিত্বে মানববন্ধনের অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরওয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, সাংসদ নিলোফার চৌধুরী মনি, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলী নেওয়াজ প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে আমার দেশ পত্রিকার প্রকাশনা খুলে দেয়া ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "সাভারের ঘটনায় সরকারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দেশের জনগন ছি ছি করছে। বাড়ি থেকে ডেকে এনে শ্রমিকদের ওই ঝঁকিপূর্ণ ভবনে ঢুকিয়ে হত্যা করা হয়েছে। একে এখন নানাভাবে ব্যাখ্যা দিয়ে সরকার পার পাবে না।"

"তবে মন্ত্রীদের কেউ কেউ সাভারের ঘটনাকে হত্যাকাণ্ড বলেছেন। সেজন্য আমি তাদের সাদুবাদ জানাচ্ছি।"

অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ পত্রিকার প্রকাশনার ওপর প্রতিবন্ধকতা তুলে নেয়ার দাবিও জানান তিনি।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এই কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ বিভিন্ন পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।