২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ বুলু এ্যানির জামিন

বেশ কয়েকটি মামলায় ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ, বরকতউল্লাহ বুলু ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 10:22 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

তবে রোববার তাদের সঙ্গে আবেদনকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতার জামিন আবেদন নাকচ হয়েছে।

অন্য ছয় নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী এবং যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তাদের জামিন আবেদন নাকচের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি নেতাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এদিকে ফখরুলসহ সাত নেতার জামিন আবেদন নাকচের পর মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ ছয়টি, যুগ্মমহাসচিব বুলু এবং ছাত্র বিষয়ক সম্পাদক এ্যানি পাঁচটি করে মামলায় জামিন পেয়েছেন।

পুলিশের ওপর হামলা, হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের সাত মামলায় এই ১০ নেতার জামিন আবেদনের শুনানি হয় মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে।

গত ২ ও ৬ মার্চ পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগে পল্টন থানায় চারটি, রমনায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা করে পুলিশ। 

বিএনপির শীর্ষ নেতারা গত ৭ এপ্রিল হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের আবেদন নাকচ করেন কারাগারে পাঠান। এরপর গত ৯ এপ্রিল তারা দায়রা আদালতে এই জামিনের আবেদন করেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিএনপি দলের শীর্ষনেতাদের মুক্তি চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

রোববার দুপুরেও জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, “যদি নেতাদের মুক্তি না দেন, তা হলে সরকার আত্মহত্যার পথে যাবে বলে আমরা মনে করি।”

“সরকার বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতাকে ধরে রাখতে চাইছে। বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কারাগারে বন্দি করে রাখছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তারা স্বৈরশাসকের মতো দেশ চালাচ্ছে।”

পুরনো খবর:

ফখরুলকে বারডেমে নিতে নির্দেশ
মওদুদ-ফখরুলসহ বিএনপির ৮ নেতা কারাগারে