‘দাবি না মানলে গণজাগরণে পতন হবে’
নির্দলীয় সরকারের দাবি না মানলে গণজাগরণের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে বলে হুমকি দিয়েছে বিএনপি।
শনিবার বিকালে এক প্রতিবাদ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “নির্দলীয় সরকারের দাবির আন্দোলনে আমরা ইতিমধ্যে কিছু কর্মসূচি দিয়েছি। আগামীতে আরও কঠোর কর্মসূচি আসবে। সরকারকে বলতে চাই- নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা দিয়ে চলমান আন্দোলন থেকে জনগণকে বিচ্যুত করতে পারবেন না।”
তিনি বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, দেশের মানুষ আজ জেগে উঠেছে। দাবি না মানলে গনজাগরণে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।”
এজন্য আন্দোলনের প্রস্তুতি নিতে সারা দেশে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
খন্দকার মোশাররফ হোসেন
এ দাবিতে দলের দুইদিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বিভাগীয় শহরে প্রতিবাদ সভা করবে বিএনপি নেতাকর্মীরা।
গত বছরের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর বাসা থেকে বেরোনোর পর ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনছার আলী নিখোঁজ হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সরকার দমননীতি অবলম্বন করছে অভিযোগ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “এক-এগারো পরবর্তী জরুরি সরকারের সময়ও বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছিল। বর্তমান সরকারও ওই ধারাবাহিক নির্যাতনের পথ বেছে নিয়েছে। এতে লাভ হবে না।”
নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়ে সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, “সরকার পরিকল্পিতভাবে এই অনিশ্চয়তা সৃষ্টি করেছে। উদ্দেশ্য এটাই- দেশকে অন্যদেশের বাজারে পরিণত করা ও দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এই অনিশ্চয়তার জন্য দেশের অর্থনীতির সূচকগুলো আজ নিম্নমুখী হচ্ছে। আমদানি-রপ্তানি হ্রাস পাচ্ছে। মানুষ উৎন্ঠার মধ্যে আছে।”
খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকারের সাড়ে চার বছরে কেবল ইলিয়াস আলীই নন, রমনার নির্বাচিত কাউন্সিলর চৌধুরী আলমসহ ১৫৬ জন নেতা-কর্মী নিখোঁজ হয়েছেন। আমরা সবার সন্ধান চাই।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “সরকার বুঝতে পেরেছে, যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে তাদের অবস্থা কি হবে। পদ্মা সেতুর দুর্নীতি ও হল-মার্ক, ডেসটিনি, পুঁজিবাজার খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্য তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরকম অবস্থায় আওয়ামী লীগ সরকার কখনোই নির্দলীয় সরকারের দাবি মেনে নেবে না।”
তিনি বলেন, “যারা ভাবছেন এক পর্যায়ে নির্দলীয় সরকার হবে তারা বোকার স্বর্গে আছেন। মনে রাখবেন, আমাদের আন্দোলন করেই বর্তমান সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের দাবি প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প পথ খোলা নেই।”
বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি বঙ্গবন্ধুর সঙ্গে আওয়ামী লীগ করেছি। আজ শেখ হাসিনার মন্ত্রিসভায় যাদের দেখছেন তাদের মধ্যে দুই জন ছাড়া কেউই আওয়ামী লীগের নন। তারা নব্য আওয়ামী লীগার। ওইসব নব্যরা ভেবেছে বিরোধী দলকে বাদ দিয়ে যেনতেনভাবে একটি নির্বাচন করিয়ে আরও পাঁচ বছর ক্ষমতায় থেকে লুটপাট করবে।”
“সরকারকে বলব, এতো সোজা নয়। যেখান থেকে আইসো পাখি, সেখানে উড়া যাও। একতরফা নির্বাচনের ওই স্বপ্ন কোনোদিন সফল হবে না।”
সভাপতির বক্তব্যে বিএনপির সহসভাপতি ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেন, “বাংলাদেশ বিমানের ছোট হয়ে আসছে পৃথিবী -এই স্লোগানের মতোই বর্তমান সরকারের জন্য বাংলাদেশও ছোট হয়ে আসছে। তাদের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সারা দেশ থেকে সংকুচিত হয়ে এখন ঢাকায় পুলিশি নিরাপত্তায় থাকছেন।”
“সরকারকে বলব, একদলীয় ভোটচুরির নির্বাচন থেকে সরে আসুন। ভোটের বাক্স ভেঙে ব্যলেট ছিনিয়ে নিয়ে নির্বাচিত হবেন- এবার পিঠের চামড়া কারো থাকবে না। এখনো সময় আছে-সাবধান হউন। এবার জনগণের মালিকানা কাউকে ছিনিয়ে নিতে দেয়া হবে না। বিএনপি নির্দলীয় সরকার ছাড়া রাজপথ থেকে সরে যাবে না।”
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী, মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম সমাবেশ পরিচালনা করেন।
